এয়ারপোর্ট রোডে ত্রিমুখী সংঘর্ষে প্রাণ গেল যুবকের, আহত ৩ জন
প্রকাশিত হয়েছে : ০৫ সেপ্টেম্বর ২০২৫, ৯:৩২:৩৬ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : সিলেট নগরীর বিমানবন্দর সড়কে ট্রাক, মোটরসাইকেল ও সিএনজি অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষে ফাহাদ (২০) নামের মোটরসাইকেল আরোহী এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও তিনজন।
বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ১টার দিকে নগরীর এয়ারপোর্ট রোডের মালনীছড়া চা বাগান এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ফাহাদ এসএমপি’র শাহপরান থানার বাহুবল আবাসিক এলাকার বাসিন্দা আব্দুল হকের ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, একটি ট্রাক (ঢাকা মেট্রো-চ ১৫-৩৯৬১) বিমানবন্দরের দিকে যাচ্ছিল। একই সময়ে দুটি মোটরসাইকেলে কয়েকজন যুবক আম্বরখানার দিকে যাচ্ছিলেন। এ সময় মালনীছড়া এলাকায় ট্রাকটির সঙ্গে দুটি মোটরসাইকেল ও একটি সিএনজি অটোরিকশার সংঘর্ষ হয়।
এতে ঘটনাস্থলেই প্রাণ হারান ফাহাদ। আহত তিনজনকে স্থানীয়রা উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। তাদের অবস্থাও আশঙ্কাজনক বলে জানা গেছে।
এসএমপির মিডিয়া অফিসার অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম এর সত্যতা নিশ্চিত করে জানান, এয়ারপোর্ট রোডে সড়ক দুর্ঘটনায় একজন নিহত ও তিনজন আহত হয়েছেন। আহতদের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ওসমানী হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই দেবাশীষ জানান, নিহতের লাশ রাতেই স্বজনরা নিয়ে গেছেন। আহত ৩ জন এখনো চিকিৎসাধীন রয়েছেন। তাদের অবস্থা অপরিবর্তিত।






