গোয়াইনঘাটে ৩০ টি ভারতীয় মহিষ জব্দ
প্রকাশিত হয়েছে : ০৮ সেপ্টেম্বর ২০২৫, ৬:১৩:১৬ অপরাহ্ন
গোয়াইনঘাট প্রতিনিধি: সিলেটের গোয়াইনঘাটে বিশেষ অভিযান পরিচালনা করে ৩০টি ভারতীয় মহিষ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভ্রাম্যমাণ আদালত।
রোববার রাতে সিলেট ব্যাটেলিয়নের (৪৮ বিজিবি) তামাবিল ও সংগ্রাম বিওপি সদস্যরা উপজেলার সারীঘাট এলাকায় অভিযান পরিচালনা করে ২৬টি মহিষ আটক করে। অপরদিকে রাত ১টায় গোয়াইনঘাটের সহকারী কমিশনার (ভূমি) ওমর ফারুকের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ডিআই গাড়ীতে ৪ টি ভারতীয় মহিষসহ গাড়ীর চালক মো. দেলওয়ার হোসেনকে আটক করেন। আটককৃত চালককে ড্রাইভিং লাইসেন্স ব্যতীত গাড়ী চালানোর অপরাধে ৩ মাসের কারাদ- দেন ভ্রাম্যমাণ আদালত এবং আটককৃত গাড়ীটি ডাম্পিং এর জন্য থানা পুলিশের জিম্মায় দিয়ে গাড়িতে থাকা ৪ টি মহিষ বিধি মোতাবেক নিষ্পত্তির জন্য বিজিবি কর্তৃপক্ষের নিকট হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে গোয়াইনঘাটের সহকারী কমিশনার (ভূমি) ওমর ফারুক।
এ বিষয়ে সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মো. নাজমুল হক বলেন, উর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সীমান্ত এলাকায় নিরাপত্তা রক্ষা, চোরাচালান, মাদকদ্রব্য ও অস্ত্র পাচার প্রতিরোধে বিজিবির অভিযানিক কার্যক্রম এবং গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় অভিযান পরিচালনা করে গোয়াইনঘাট সীমান্তবর্তী এলাকা থেকে ভারতীয় মহিষ জব্দ করা হয়েছে। বিধিমোতাবেক জব্দকৃত মহিষের বিষয়ে ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।





