পৃথক অভিযানে ফেন্সিডিল বিদেশী মদসহ আটক ২
প্রকাশিত হয়েছে : ১১ সেপ্টেম্বর ২০২৫, ৮:৫৫:২৩ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : সিলেটে পৃথক অভিযানে ফেন্সিডিল ও বিদেশী মদসহ ২ জনকে আটক করেছে পুলিশ। বুধবার সিলেট শহরতলীর পরগণা ও জেলার জৈন্তাপুর থেকে পৃথক অভিযানে তাদের আটক করা হয়।
এরমধ্যে বুধবার (১০ সেপ্টেম্বর) বিকেলে সিলেটের শাহপরান থানাধিন পরগনা এলাকার ময়না মিয়ার বাড়ির ৩য় তলায় অভিযান চালিয়ে ফেন্সিডিল ও মদসহ গোলাম রব্বানী (২৫) কে আটক করা হয়। সে সিলেটের জৈন্তাপুর থানার হিমু বেলুপাড়া এলাকার মৃত হোসন মিয়ার ছেলে। এসময় তার কাছ থেকে ৭৬ বোতল ভারতীয় ফেনসিডিল ও বিভিন্ন ব্র্যান্ডের ১০৪ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়।
এর সত্যতা নিশ্চিত করে এসএমপির মিডিয়া অফিসার অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, আইনগত ব্যবস্থা গ্রহণপূর্বক আটককৃতকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
এদিকে বুধবার রাতে সিলেট-তামাবিল মহাসড়কের মাহুতহাঁটি নামক এলাকায় চেকপোষ্ট বসিয়ে অভিযান পরিচালনাকালে মনির আহমেদ (২৮) নামের যুবককে আটক করে জৈন্তাপুর থানা পুলিশ। সে উপজেলার দরবস্ত এলাকার মৃত আমান উল্লাহর পুত্র। এসময় তার কাছ থেকেত ৩৪ বোতল বিদেশী মদ উদ্ধার করা হয়।
এর সত্যতা নিশ্চিত করে জৈন্তাপুর মডেল থানার ওসি আবুল বাসার মোহাম্মদ বদরুজ্জামান জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরপূর্বক আসামীকে আদালতে প্রেরণ করা হয়েছে।





