২৯ লাখ টাকার ইয়াবাসহ র্যাবের জালে যুবক
প্রকাশিত হয়েছে : ১২ সেপ্টেম্বর ২০২৫, ৮:৫২:৫১ অপরাহ্ন

স্টাফ রির্পোটার : সিলেটের কোম্পানীগঞ্জ থেকে বিপুল পরিমাণ ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করেছে র্যাব-৯। বৃহস্পতিবার রাত পৌনে ৮টার দিকে কোম্পানীগঞ্জ উপজেলার পশ্চিম ইসলামপুর ইউনিয়নের পাড়ুয়া নোয়াগাঁও ইসলামিয়া দাখিল মাদ্রাসার সামনে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
আটককৃতের নাম সমুজ আলী (২৮)। সে সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার নিজগাঁও গ্রামের মৃত মো. চান মিয়ার ছেলে। এসময় তার কাছ থেকে ৯ হাজার ৮শ’ পিস ইয়াবা জব্দ করা হয়। জব্দকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য ২৯ লাখ ৪০ হাজার টাকা।
এর সত্যতা নিশ্চিত করে র্যাব-৯ এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে.এম শহীদুল ইসলাম সোহাগ জানান, আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে আটক মাদক ব্যবসায়ীকে কোম্পানীগঞ্জ থানায় হস্তান্তর করা হলে শুক্রবার আদালতের মাধ্যমে তাকে কারাগারে প্রেরণ করা হয়।





