কিনব্রিজ দিয়ে চলবে মোটরসাইকেল
প্রকাশিত হয়েছে : ১২ সেপ্টেম্বর ২০২৫, ৯:১৪:৫৪ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার: সিলেটের ঐতিহ্যবাহী কিনব্রিজকে কেবল পদচারী সেতু করার উদ্যোগ আপাতত স্থগিত করেছে জেলা প্রশাসন। মোটরসাইকেল চলাচল বন্ধের ঘোষণা আসার পর দক্ষিণ সুরমার স্থানীয় বাসিন্দা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও পরিবহন সংগঠনের তীব্র প্রতিবাদে প্রশাসন এ সিদ্ধান্ত থেকে সরে আসে।ঐতিহাসিক এ ব্রিজে আগে থেকেই গাড়ি চলাচল বন্ধ। তবে মোটরসাইকেল চলাচল অব্যাহত ছিল। গত ৯ সেপ্টেম্বর জেলা প্রশাসক (ডিসি) মো. সারওয়ার আলম মোটরসাইকেল চলাচল বন্ধের ঘোষণা দেন। খবরটি প্রকাশের পরপরই দক্ষিণ সুরমার ২৫, ২৬ ও ২৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দাসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ এর বিরোধিতা করেন।
বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) জেলা প্রশাসক জানান, জনগণের দাবির প্রেক্ষিতে আপাতত মোটরসাইকেল চলাচল বন্ধ করা হবে না। তবে শিগগিরই সেতু থেকে ভাসমান হকার উচ্ছেদে অভিযান চালানো হবে।
এর আগে দক্ষিণ সুরমাবাসী জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়ে মোটরসাইকেল চলাচল বন্ধের প্রস্তাব প্রত্যাহারের দাবি জানান। স্মারকলিপিতে বলা হয়, সেতুটি সুরমার দুই তীরের মানুষের জন্য গুরুত্বপূর্ণ যাতায়াতপথ। মোটরসাইকেল চলাচল বন্ধ হলে শিক্ষার্থী, চাকরিজীবী ও সাধারণ মানুষকে চরম দুর্ভোগে পড়তে হবে।
পরে জেলা প্রশাসক স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও পরিবহন সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন। সভায় সিলেট জেলা ট্রাক মালিক গ্রুপ, ট্রাক শ্রমিক ইউনিয়নসহ পরিবহন নেতারা প্রস্তাবটি প্রত্যাহারের অনুরোধ জানান। বিএনপি, জামায়াতসহ বিভিন্ন রাজনৈতিক নেতারাও এ দাবির প্রতি সমর্থন জানান। সব পক্ষের মতামতের পর জেলা প্রশাসক কিনব্রিজে মোটরসাইকেল চলাচল আপাতত বন্ধ না করার সিদ্ধান্ত জানান। একই সঙ্গে তিনি আশ্বাস দেন, শিগগিরই ব্রিজ থেকে হকার উচ্ছেদে ব্যবস্থা নেওয়া হবে।





