খুনের ৪৮ ঘন্টার মধ্যে র্যাবের জালে হত্যাকারী
প্রকাশিত হয়েছে : ১৩ সেপ্টেম্বর ২০২৫, ৯:৪৪:২৮ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : হবিগঞ্জের বানিয়াচংয়ে জামাল মিয়া খুনের ৪৮ ঘন্টার মধ্যে হত্যা মামলার আসামীকে আটক করেছে র্যাব-৯। শনিবার (১৩ সেপ্টেম্বর) ভোর ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে হবিগঞ্জের বানিয়াচংয়ের যাত্রাপাশা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। আটককৃতের নাম ছায়েদ মিয়া (৩২)। তিনি বাহুবল থানার ভুগলি গ্রামের তৈয়ব আলীর ছেলে।
জানা যায়, হবিগঞ্জ জেলার বাহুবল থানাধীন ভুগলী দক্ষিণপাড়া এলাকার বাসিন্দা জামাল মিয়ার সাথে বিভিন্ন বিষয় নিয়ে ছায়েদ মিয়া গংদের বিরোধ চলে আসছিলো। এর জেরে বুধবার (১০ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে ছায়েদ মিয়া ও তার সহযোগীরা জামাল মিয়াকে ঘর থেকে বের করে দা, লোহার রড, লাঠিসোটা দিয়ে পিটিয়ে হত্যা করে ভুগলি দক্ষিণপাড়া গ্রামের একটি ধানক্ষেতে ফেলে যায়। সকাল ৬টার দিকে সেখান থেকে তার মরদেহ উদ্ধার করেন স্বজনরা। মরদেহের গলাসহ শরীরের বিভিন্ন জায়গায় কুপিয়ে জখম করার চিহ্ন পাওয়া যায়। এই ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে বাহুবল মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
এর সত্যতা নিশ্চিত করে র্যাব-৯ এর মিডিয়া কর্মকর্তা অতিরিক্ত পুলিশ সুপার কে.এম শহীদুল ইসলাম সোহাগ বলেন, জামাল হত্যা মামলার ৪নং আসামি ছায়েদ মিয়াকে গ্রেফতার করে বাহুবল থানায় হস্তান্তর করা হয়েছে।





