শিক্ষার্থীদের গবেষণাপত্র প্রণয়নের কৌশল ভালোভাবে আয়ত্ত করতে হবে : শাবি ভিসি
প্রকাশিত হয়েছে : ০৬ নভেম্বর ২০২৫, ৯:০১:১৬ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. এ. এম. সরওয়ারউদ্দিন চৌধুরী বলেছেন, সমাজকর্মের তাত্ত্বিক জ্ঞান শিক্ষার্থীরা ফিল্ডওয়ার্কের মাধ্যমে যথাযথভাবে শিখতে পারে। এখানে হাতে-কলমে ফিল্ডওয়ার্কের নানা খুঁটিনাটি বিষয় শেখানো হয়। শিক্ষার্থীদের গবেষণাপত্র, টার্ম পেপার এবং বিভিন্ন প্রজেক্ট প্রণয়নের কৌশল ভালোভাবে আয়ত্ত করতে হবে। তিনি গতকাল বৃহস্পতিবার সকাল ১০টায় সমাজকর্ম বিভাগের উদ্যোগে আয়োজিত ‘ফিল্ড প্র্যাকটিক্যাম’ শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
অধ্যাপক ড. এ. এম. সরওয়ারউদ্দিন চৌধুরী আরও বলেন, ফিল্ডওয়ার্কের সঙ্গে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ও জনগোষ্ঠীর সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পাশাপাশি ফিল্ডওয়ার্ক পরিচালনায় নৈতিক মানদণ্ড যথাযথভাবে অনুসরণ করতে হবে।
বিশেষ অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোঃ ইসমাইল হোসেন বলেন, ফিল্ডওয়ার্ক সমাজকর্মের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ। প্রায় সব বিভাগেই ফিল্ডওয়ার্ক আছে। তবে সমাজকর্মের ফিল্ডওয়ার্ক কিছুটা ব্যতিক্রম। কারণ এটি প্র্যাকটিক্যালভাবে শেখার একটি ক্ষেত্র। তাই মনোযোগ দিয়ে ও নিয়মকানুন মেনে ফিল্ডওয়ার্ক সম্পন্ন করতে হবে। শুরুতে অনেক শিক্ষার্থীর আগ্রহ দেখা যায় কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সেই আগ্রহ কমে যায়, এই প্রবণতা পরিহার করতে হবে।
বিভাগীয় প্রধান অধ্যাপক মুহ. মিজানুর রহমানের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন বিভাগের অধ্যাপক ড. নিয়াজ আহমেদ। অনুষ্ঠান সঞ্চালনা করেন অধ্যাপক ড. তাহমিনা ইসলাম। দিনব্যাপী এ কর্মশালায় সমাজকর্মের ফিল্ডওয়ার্কের বিভিন্ন বিষয় নিয়ে সেশন পরিচালনা করেন অধ্যাপক ড. তুলসী কুমার দাস, অধ্যাপক মোঃ মিজানুর রহমান ও অধ্যাপক ড. ফয়সাল আহম্মেদ প্রমুখ।





