বাড়বে ই-কমার্স রপ্তানি
প্রকাশিত হয়েছে : ০৬ নভেম্বর ২০২৫, ৯:০৭:১১ অপরাহ্ন
জালালাবাদ ডেস্ক : ই-কমার্স রপ্তানির নতুন দ্বার খুলতে যাচ্ছে। রপ্তানি অনুমোদন (ইএক্সপি) ফরমে ঘোষণা ছাড়াই ই কমার্স রপ্তানি করার সীমা দিগুণ করায় এই সুযোগ তৈরি হয়েছে। এতে বাড়বে ই-কমার্স রপ্তানি। ফলে বাড়বে বৈদেশিক মুদ্রা আয়ের সুযোগও।
কেন্দ্রীয় ব্যাংকের নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ঘোষণা ছাড়া ১ হাজার মার্কিন ডলার বা সমপরিমাণ বৈদেশিক মুদ্রার ই কমার্স রপ্তানি করা যাবে। এই সীমা আগে ছিল ৫০০ মার্কিন ডলার বা সমপরিমাণ বৈদেশিক মুদ্রা।
বাংলাদেশ ব্যাংকের এই সিদ্ধান্তকে যুগান্তকারী অ্যাখায়িত করে খাত উদ্যোক্তারা বলছেন, বাংলাদেশ ব্যাংকের এই উদ্যোগ ক্ষুদ্র ও ই-কমার্স উদ্যোক্তাদের জন্য যুগান্তকারী পদক্ষেপ। এতে রপ্তানি প্রক্রিয়া আরও আধুনিক ও স্বচ্ছ হবে। ক্ষুদ্র রপ্তানিকারকদের জন্য বৈদেশিক মুদ্রা দেশে আনার পথ সহজ হবে। আনুষ্ঠানিক চ্যানেলে বৈদেশিক মুদ্রা প্রবাহ আরো বাড়বে।
বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী, ঘোষণামুক্ত এসব রপ্তানির আয় এখন বাংলাদেশ ব্যাংকের লাইসেন্সপ্রাপ্ত মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস প্রোভাইডার (এমএফএস) এবং পেমেন্ট সার্ভিস প্রোভাইডার ( পিএসপি)-এর মাধ্যমে দেশে আনা যাবে। এর ফলে, রপ্তানিকারকরা সরাসরি ওয়ালেট বা ডিজিটাল অ্যাকাউন্টে রপ্তানি আয়ের অর্থ গ্রহণ করতে পারবেন। বাংলাদেশ ব্যাংক আরও জানিয়েছে, অনুমোদিত ডিলার ব্যাংকগুলোকে এসব লেনদেন সংশ্লিষ্ট নিয়ন্ত্রক কাঠামোর শর্তাবলি মেনে সম্পন্ন করতে হবে।





