‘নতুন কুঁড়ি’ প্রতিযোগিতায় দেশসেরা দোয়ারার ধ্রুব
প্রকাশিত হয়েছে : ০৭ নভেম্বর ২০২৫, ৫:৫৪:৫১ অপরাহ্ন

দোয়ারাবাজার প্রতিনিধি: বাংলাদেশ টেলিভিশন আয়োজিত দেশের অন্যতম জনপ্রিয় শিশু প্রতিভা অন্বেষণমূলক অনুষ্ঠান ‘নতুন কুঁড়ি’ প্রতিযোগিতায় দেশসেরা (দ্বিতীয় স্থান) অর্জনের গৌরব অর্জন করেছে সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার টেংরাটিলা গ্রামের এহসানুল হক ধ্রুব।
বিটিভিতে সম্প্রচারিত অনুষ্ঠানে ধ্রুব তার অনবদ্য পারফরম্যান্স ও প্রতিভা প্রদর্শনের মাধ্যমে বিচারকদের মুগ্ধ করে সেরাদের কাতারে স্থান করে নেয়। তার এই অসাধারণ অর্জনে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও স্থানীয় এলাকাবাসীর মধ্যে আনন্দের বন্যা বইছে।
আগামী ১৩ নভেম্বর প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিতব্য অনুষ্ঠানে এহসানুল হক ধ্রুব আনুষ্ঠানিকভাবে পুরস্কার গ্রহণ করবে। বর্তমানে সে সিলেট সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী এবং সিনিয়র সাংবাদিক মুহাম্মদ হাবীবুল্লাহ হেলালী’র ভাগিনা।
ধ্রুবর বাবা এমদাদুল হক লিটন সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় পূবালী ব্যাংক পিএলসি’র শাখা প্রধান এবং মা হাফসা আক্তার লিপা দোয়ারাবাজার উপজেলার টেংরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা হিসেবে কর্মরত।





