বড়লেখায় রাস্তার প্রতিবন্ধকতা অপসারণ করলেন এসিল্যান্ড
প্রকাশিত হয়েছে : ০৭ নভেম্বর ২০২৫, ৬:৩৬:২৬ অপরাহ্ন
বড়লেখা প্রতিনিধি: বড়লেখা উপজেলার মোহাম্মদনগর দক্ষিণ (কড়িয়া) গ্রামের ৪০ পরিবারের বাসিন্দাদের চলাচলের রাস্তার প্রতিবন্ধকতা অপসারণ করলেন এসিল্যান্ড ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাঈমা নাদিয়া। গ্রামের সফিক উদ্দিনের স্ত্রী আফতারুন নেছা বাঁশের বেড়া দিয়ে দীর্ঘদিনের রাস্তাটি বন্ধ করে দিয়েছিলেন। ৬ দিন ধরে চরম ভোগান্তিতে থাকা এলাকাবাসী বুধবার ইউএনও বরাবর লিখিত অভিযোগ করেন। এর পরিপ্রেক্ষিতে এসিল্যান্ড নাঈমা নাদিয়া বৃহস্পতিবার বিকেলে পুলিশ নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করে রাস্তার প্রতিবন্ধকতা অপসারণ করেন।
এদিকে, অভিযুক্ত মহিলা আফতারুন নেছার বিরুদ্ধে অবৈধভাবে টিলা কাটার অপরাধে বালু মহাল, মাটি ব্যবস্থাপনা ও পরিবেশ আইনে নিয়মিত মামলা দেওয়া হয়েছে। শুক্রবার দুপুরে থানা পুলিশ তাকে কারাগারে পাঠিয়েছে।
জানা গেছে, উপজেলার দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নের মোহাম্মদনগর দক্ষিণ গ্রামবাসীর চলাচলের একমাত্র রাস্তাটি আফতারুন নেছার বাড়ির পূর্ব পাশ দিয়ে দক্ষিণের সরকারি রাস্তায় সংযুক্ত। বহু বছর ধরে এ পথ দিয়েই স্থানীয়রা চলাচল করে আসছেন। অন্য কোনো বিকল্প রাস্তা না থাকায় এটি এলাকাবাসীর একমাত্র যাতায়াতের পথ।
এসিল্যান্ড ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাঈমা নাদিয়া জানান, রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টি সংক্রান্ত অভিযোগ পেয়ে সরেজমিনে ঘটনাস্থলে যান। সত্যতা পাওয়ায় রাস্তার প্রতিবন্ধকতা অপসারণ করেন। তবে, অভিযুক্ত নারী আফতারুন নেছা অবৈধভাবে টিলা কাটায় তার বিরুদ্ধে বালু মহাল, মাটি ব্যবস্থাপনা ও পরিবেশ আইনে নিয়মিত মামলা হয়েছে। বৃহস্পতিবার বিকেলেই তাকে থানায় সোপর্দ করা হয়।
থানার ওসি (তদন্ত) মো. হাবিবুর রহমান জানান, সহকারি ভূমি কর্মকর্তার মামলায় আফতারুন নেছাকে শুক্রবার দুপুরে কারাগারে পাঠিয়েছেন।





