রূপপুর বিদ্যুৎ কেন্দ্রের ব্যয় বাড়ল ১১.৮৪%
প্রকাশিত হয়েছে : ০৭ নভেম্বর ২০২৫, ৭:০৮:৩৩ অপরাহ্ন

জালালাবাদ ডেস্ক : মার্কিন ডলারের বিপরীতে টাকার দর কমার কারণে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের ব্যয় ১৩ হাজার ৩৮৬ কোটি টাকা বা ১১.৮৪ শতাংশ বেড়েছে। প্রথম সংশোধিত প্রস্তাব অনুযায়ী, প্রকল্পের মোট ব্যয় বেড়ে দাঁড়াচ্ছে ১ লাখ ২৬ হাজার ৪৭৯ কোটি টাকা। ২০১৬ সালের মূল প্রস্তাবে এই প্রকল্পের ব্যয় ধরা হয়েছিল ১ লাখ ১৩ হাজার ৯৩ কোটি টাকা।
প্রকল্পটির জন্য রাশিয়ার ঋণের পরিমাণ ডলারের হিসাবে ১১.৩৮ বিলিয়ন ডলার অপরিবর্তিত থাকছে। তবে বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ মূল পরিকল্পনার ৯১ হাজার ৪০ কোটি টাকা থেকে বেড়ে ১ লাখ ৪ হাজার ৪ কোটি টাকা দাঁড়িয়েছে। অর্থাৎ শুধু বিনিময় হার পরিবর্তনের কারণেই ব্যয় বেড়েছে ১২ হাজার ৯৬৪ কোটি টাকা।
সংশোধিত প্রস্তাব অনুযায়ী, ২০২৫ সালের জুন পর্যন্ত প্রকল্পের বরাদ্দ থেকে ৮.২৯ বিলিয়ন ডলার ব্যয় করা হয়েছে, যেখানে প্রতি ডলারের বিনিময় হার ছিল ৮০ টাকা। পরের তিন বছরের জন্য অবশিষ্ট ৩.০৯ বিলিয়ন ডলারের বিনিময় হার ধরা হয়েছে ২০২৫ সালের ১২ অক্টোবর বাংলাদেশ ব্যাংকের ঘোষণা অনুসারে ১২২ টাকা। এদিকে মূল প্রকল্প প্রস্তাবে সরকারের নিজ তহবিল থেকে ব্যয় ধরা হয়েছিল ২২ হাজার ৫৩ কোটি টাকা, যা সংশোধিত পরিকল্পনায় কিছুটা বেড়ে ২২ হাজার ৪৭৫ কোটি টাকা হয়েছে।
পরিকল্পনা কমিশন সূত্রে জানা গেছে, ব্যয় বৃদ্ধি ও প্রকল্প বাস্তবায়নে বিলম্বের কারণে প্রকল্পের মেয়াদও বাড়ানো হয়েছে। মূল প্রস্তাবে প্রকল্পটি ২০২৫ সালের ডিসেম্বরে শেষ হওয়ার কথা ছিল। নতুন সংশোধিত প্রস্তাবে প্রকল্পের মেয়াদ ২০২৮ সালের জুন পর্যন্ত বাড়ানোর প্রস্তাব করা হয়েছে।
রূপপুর বিদ্যুৎকেন্দ্রের ব্যয় ও মেয়াদ বৃদ্ধির সংশোধিত প্রস্তাব বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় থেকে পরিকল্পনা কমিশনে পাঠানো হয়েছে। অনুমোদন প্রক্রিয়ার অংশ হিসেবে সংশোধিত প্রস্তাবের ওপর আগামী ১১ নভেন্বর একটি পর্যালোচনা সভা অনুষ্ঠিত হবে বলে পরিকল্পনা কমিশন সূত্রে জানা গেছে। এ বছরের আগস্ট পর্যন্ত প্রকল্পটির ভৌত অগ্রগতি হয়েছে ৭৪.২৪ শতাংশ। রুশ ঠিকাদারি প্রতিষ্ঠান অ্যাটমস্ট্রয়এক্সপোর্ট বিদ্যুৎকেন্দ্রটি নির্মাণ করছে।





