বালাগঞ্জে রাস্তার কাজ বন্ধ থাকায় দুর্ভোগ
প্রকাশিত হয়েছে : ০৭ নভেম্বর ২০২৫, ৮:২৪:৫৩ অপরাহ্ন

বালাগঞ্জ প্রতিনিধি : সিলেট জেলার বালাগঞ্জ উপজেলার বোয়ালজুর ইউনিয়নের হালিমপুর বাজার (কলারাই বাজার)-বুরুংগা ইউপি জামতলা বাজার-বোয়ালজুর ইউনিয়ন সড়কের কাজ দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে। ঠিকাদারি প্রতিষ্ঠান ধ্রুব মোশাররফ জেবি ২০২৩ সালের ২৩ জুন কাজ শুরু করলেও অল্প কিছু অংশে বেস বসানোর পর কাজ বন্ধ করে দেয়। এরপর থেকে আর কোনো অগ্রগতি হয়নি।
স্থানীয়রা জানান, এই রাস্তা দিয়ে প্রতিদিন স্কুল-কলেজ ও মাদ্রাসার শত শত শিক্ষার্থীসহ হাজারো মানুষ চলাচল করেন। বর্ষা মৌসুমে রাস্তাটি কাদায় পরিণত হয়, জলাবদ্ধতার কারণে যাতায়াত মারাত্মকভাবে ব্যাহত হয়। একাধিক ভুক্তভোগী অভিযোগ করে বলেন, রাস্তার কাজ দ্রুত সম্পন্ন না হলে শিক্ষার্থী ও রোগীদের চলাচল প্রায় অসম্ভব হয়ে পড়বে। এমতাবস্থায় এলাকাবাসী সিলেট জেলা প্রশাসক ও জেলা প্রকৌশলী-এর জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।
বোয়ালজুর ইউনিয়ন পরিষদের ৫নং ওয়ার্ড সদস্য মুক্তিদা রঞ্জন দাম জানান, এলজিইডির উপজেলা প্রকৌশলীর সঙ্গে একাধিকবার যোগাযোগ করেও কোনো সাড়া পাওয়া যায়নি। এলাকার মানুষ দীর্ঘদিন ধরে চরম ভোগান্তিতে আছে।
ঠিকাদার ধ্রুব মোশাররফ বলেন, প্রকল্পটির মেয়াদ গত বছর শেষ হয়েছে। নতুন করে টেন্ডার আহ্বান করা হলে কাজ পুনরায় শুরু হবে।এ বিষয়ে জানতে চাইলে এলজিইডির উপজেলা প্রকৌশলী মাহমুদুল হাসান বলেন, আমি এখানে নতুন, তাই প্রকল্পটির বিস্তারিত বিষয়ে কিছু বলতে পারছি না। তবে উপজেলা সাব-সহকারী প্রকৌশলী রেদওয়ানুল হাসান জানান, একাধিকবার চিঠি দেওয়ার পরও কাজের কোনো অগ্রগতি না হওয়ায় ঠিকাদারের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে চিঠি পাঠিয়েছি।





