রুশ বিপ্লবের ১০৮তম বার্ষিকীতে সাম্যবাদী দলের র্যালি
প্রকাশিত হয়েছে : ০৭ নভেম্বর ২০২৫, ৮:২৮:৪২ অপরাহ্ন

মহান রুশ বিপ্লবের ১০৮তম বার্ষিকী উপলক্ষে বাংলাদেশের সাম্যবাদী আন্দোলন সিলেট জেলার উদ্যোগে শুক্রবার বিকাল ৪ টায় সিলেট কেন্দ্রীয় মুসলিম সংসদের সাহিত্য আসরকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভার পূর্বে লাল পতাকা মিছিল শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে আলোচনা সভাস্থলে এসে শেষ হয়।
বাংলাদেশের সাম্যবাদী আন্দোলন সিলেট জেলার সমন্বয়ক এডভোকেট মহিতোষ দেব মলয় এর সভাপতিত্বে ও এডভোকেট রনেন সরকার রনি এর পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশের সাম্যবাদী আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক কমরেড শুভ্রাংশু চক্রবর্তী।
প্রধান অতিথির বক্তব্যে কমরেড শুভ্রাংশু চক্রবর্তী বলেন, ১৯১৭ সালের ৭ নভেম্বর রাশিয়ার বিপ্লবী শ্রমিক শ্রেণী তৎকালীন বুর্জোয়া সরকারকে ক্ষমতাচ্যুত করে রাশিয়ার রাষ্ট্রক্ষমতা দখল করেছিল এবং পৃথিবীর বুকে প্রথম সমাজতান্ত্রিক রাষ্ট্র তথা শ্রমিক রাষ্ট্র প্রতিষ্ঠা করেছিল। কিন্তু লেনিন ও স্ট্যালিনের মৃত্যুর পরে রাশিয়ার শোধনবাদী নেতৃত্বের কারণে পরবর্তীতে একটি পুঁজিবাদী রাষ্ট্রে পরিণত হয়। আজকে সোভিয়েত ইউনিয়ন না থাকলেও মহান রুশ বিপ্লবের শিক্ষা আজও বিশ্বের মুক্তিকামী মানুষের পথ দেখায়।
সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, বাংলাদেশের সাম্যবাদী আন্দোলনের কেন্দ্রীয় সদস্য কমরেড সুশান্ত সিনহা সুমন, চা শ্রমিক অধিকার আন্দোলনের কেন্দ্রীয় আহবায়ক কমরেড হৃদেশ মুদি, বাসদ সিলেট জেলার আহবায়ক কমরেড আবু জাফর, বাসদ সিলেট জেলার প্রাক্তন আহবায়ক কমরেড উজ্জ্বল রায়, বিপ্লবী কমিউনিস্ট লীগের সিলেট জেলার সভাপতি কমরেড সিরাজ আহমদ, বাসদ মার্ক্সবাদী সিলেট জেলার সমন্বয়ক কমরেড সঞ্জয় কান্ত দাস, বাংলাদেশ নারী মুক্তি আন্দোলন সিলেট জেলার সংগঠক লক্ষী পাল, বিপ্লবী ছাত্র আন্দোলনের আহবায়ক বিশ্বজিৎ শীল প্রমুখ।
উপস্থিত ছিলেন বিপ্লবী কমিউনিস্ট লীগের সিলেট জেলার সাধারণ সম্পাদক ডা: হরিধন দাস, চারণ সাংস্কৃতিক কেন্দ্র সিলেট জেলার আহবায়ক নাজিকুল ইসলাম রানা, বিপ্লবী ছাত্র মৈত্রী সিলেট জেলার সভাপতি সফররাজ সানোয়ার, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট সিলেট জেলার সভাপতি সুমিত কান্তি দাস পিনাক, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন সিলেট জেলার সভাপতি মাশরুক জলিল প্রমুখ। বিজ্ঞপ্তি





