ফিলিস্তিনি শরণার্থী শিবিরে যাচ্ছেন সারজিস!
প্রকাশিত হয়েছে : ০৭ নভেম্বর ২০২৫, ৯:৩৬:৫৫ অপরাহ্ন

জালালাবাদ ডেস্ক : ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি দখলদার বাহিনীর নজিরবিহীন হত্যাকাণ্ড বিশ্বের সব দেশের মানুষকে আহত করেছে। বাংলাদেশ থেকেও এ যুদ্ধ বন্ধের জন্য নানা প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। জানানো হয় সংহতি। এবার ফিলিস্তিনিদের পাশে দাঁড়ানোর কথা জানালেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম। মূলত, পবিত্র ওমরাহ পালনের উদ্দেশ্যে সৌদি আরব গেছেন তিনি। এরপর মিশর হয়ে ফিলিস্তিনে যাবেন সারজিস। এক ফেসবুক পোস্টে বিষয়টি নিশ্চিত করেছেন তিনি নিজেই।
জানা গেছে, বৃহস্পতিবার (৬ নভেম্বর) সারজিস আলম ওমরাহ পালনের উদ্দেশ্যে বাংলাদেশ ত্যাগ করেছেন। সৌদি আরবে তিনদিন অবস্থান করে ওমরাহ পালন শেষে মিশরে যাবেন তিনি। সেখান থেকে মিশরের আল আজহার বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত বাংলাদেশী শিক্ষার্থীদের আমন্ত্রণে এবং সার্বিক ব্যবস্থাপনায় এক মতবিনিময় সভায় অংশগ্রহণ করবেন তিনি।
এরপর সভা শেষে যাবেন ফিলিস্তিনে। সেখানে মিশরের রাফা সীমান্তে শরণার্থী শিবিরে অবস্থানরত ফিলিস্তিনিদের জন্য স্বেচ্ছাসেবী হিসেবে কিছু কাজে অংশগ্রহণ করারও কথা জানান সারজিস।
পোস্টে সারজিস লিখেন, “আসসালামু আলাইকুম। মিশরের আল আজহার বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত বাংলাদেশী শিক্ষার্থীদের আমন্ত্রণে এবং সার্বিক ব্যবস্থাপনায় গতকাল আমি মিশরের উদ্দেশ্যে রওনা হয়েছি। এই সফরের অংশ হিসেবে প্রথম তিনদিন সৌদি আরবে এবং পরবর্তীতে তিনদিন মিশরে অবস্থান করবো ইনশাআল্লাহ। এ সময় দুই দেশের প্রবাসী ভাইবোন, অভ্যুত্থানের সহযোদ্ধা এবং শুভাকাঙ্ক্ষীদের সাথে মতবিনিময় করবো। পাশাপাশি আল-আজহার বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত বাংলাদেশী শিক্ষার্থীদের সাথে একটি মতবিনিময় সভায় অংশগ্রহণ করবো। এ ছাড়াও, মিশরের রাফা সীমান্তে শরণার্থী শিবিরে অবস্থানরত ফিলিস্তিনি ভাই-বোনদের জন্য স্বেচ্ছাসেবী মূলক কিছু কাজে অংশগ্রহণ করারও কথা রয়েছে। দু’আ চাই।”





