নভেম্বরে ডেঙ্গুর ভয়াল রূপ! এক সপ্তাহে মৃত্যু ২৯ জন
প্রকাশিত হয়েছে : ০৭ নভেম্বর ২০২৫, ৯:৩৮:২১ অপরাহ্ন
জালালাবাদ রিপোর্ট : দেশে ক্রমশই বাড়ছে ডেঙ্গুতে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। এদিকে গত ২৪ ঘণ্টায় কারও মৃত্যু না হলেও হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ৪৮৮ জন। এর আগের দিন বৃহস্পতিবার ৫ জনের মৃত্যু এবং আক্রান্ত হয়েছিলেন ১ হাজার ৩৪ জন। এনিয়ে চলতি মাসের ৭ দিনে অর্থাৎ এক সপ্তাহে মৃত্যু হয়েছে ২৯ জনের এবং আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৬ হাজার ৬৫২ জন। আর সবমিলিয়ে চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত মোট মারা গেছেন ৩০৭ জন এবং আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭৬ হাজার ৫১৪ জনে।
শুক্রবার (৭ নভেম্বর) স্বাস্থ্য অধিদফতর হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক প্রেস বিজ্ঞপ্তিতে এ সব তথ্য জানানো হয়।
এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর মধ্যে বরিশাল বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ৫৮ জন, চট্টগ্রাম বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ৬৬ জন, ঢাকা বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ৮৪ জন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ১৮৯ জন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৪৫ জন এবং ময়মনসিংহ বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ৪৬ জন রোগী রয়েছেন।
অধিদফতরের তথ্য মতে, এ বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে জানুয়ারিতে ১০ জনের মৃত্যু, ফেব্রুয়ারিতে ৩ জন, এপ্রিলে ৭ জন, মে মাসে ৩ জন, জুন মাসে ১৯ জন, জুলাই মাসে ৪১ জন, আগস্ট মাসে ৩৯ জন, সেপ্টেম্বরে ৭৬ জন এবং অক্টোবরে ৮০ জন মারা যান।
এছাড়া এ বছরের জানুয়ারিতে ডেঙ্গু আক্রান্ত হন ১১৬১ জন, ফেব্রুয়ারিতে ৩৭৪ জন, মার্চে ৩৩৬ জন, এপ্রিলে ৭০১ জন, মে মাসে ১৭৭৩ জন, জুন মাসে ৫৯৫১ জন, জুলাই মাসে ১০ হাজার ৬৮৪ জন, আগস্টে ১০ হাজার ৪৯৬ জন, সেপ্টেম্বরে ১৫ হাজার ৮৬৬ জন এবং অক্টোবরে আক্রান্ত হন ২২ হাজার ৫২০ জন।
জানা গেছে, ২০০০ সাল থেকে স্বাস্থ্য অধিদফতর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ও মৃত্যুর তথ্য রাখে। এর মধ্যে ২০২৩ সালে এ রোগ নিয়ে সবচেয়ে বেশি ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন হাসপাতালে ভর্তি হয়। ডেঙ্গু আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি ১৭০৫ জনের মৃত্যুও হয় ওই বছর। আর ২০২৪ সালের জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছে এক লাখ এক হাজার ২১৪ জন এবং ডেঙ্গুতে মোট ৫৭৫ জনের মৃত্যু হয়।





