আটলান্টিক সিটি কাউন্সিল নির্বাচনে কুলাউড়ার সোহেলের জয়
প্রকাশিত হয়েছে : ০৮ নভেম্বর ২০২৫, ৬:২৯:৪৯ অপরাহ্ন

কুলাউড়া প্রতিনিধি: আমেরিকার নিউজার্সি অঙ্গরাজ্যের আটলান্টিক সিটি কাউন্সিল নির্বাচনে কাউন্সিল অ্যাট-লার্জ পদে জয়লাভ করেছেন মৌলভীবাজারের কুলাউড়ার সন্তান সোহেল আহমদ। গত ৪ নভেম্বর অনুষ্ঠিত নির্বাচনে ডেমোক্র্যাটিক দলের মনোনীত প্রার্থী হিসেবে ‘টিম স্মল’ প্যানেল থেকে প্রতিদ্বন্দ্বিতা করে তিনি প্রথম বাংলাদেশি-আমেরিকান হিসেবে নির্বাচনে জয়লাভ করেন।
সোহেল আহমদ মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার ব্রাহ্মণবাজার ইউনিয়নের মির্জাপুর গ্রামের সন্তান। তিনি কুলাউড়া ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ মরহুম এম এ গণির পুত্র। বর্তমানে তিনি বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব অ্যাটলান্টিক কাউন্টি-এর সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি তিনি দীর্ঘদিন ধরে স্থানীয় কমিউনিটির বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও ধর্মীয় সংগঠনের সঙ্গে যুক্ত রয়েছেন।
এদিকে, তার এই বিজয়ে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সাউথ জারসি, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব অ্যাটলান্টিক কাউন্টি, বেংগল ক্লাবসহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।





