জুড়ীতে গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ি গ্রেফতার
প্রকাশিত হয়েছে : ০৮ নভেম্বর ২০২৫, ৭:০৯:০১ অপরাহ্ন

বড়লেখা প্রতিনিধি: জুড়ী উপজেলার ধামাই চা বাগানে শুক্রবার রাতে বিজিবি-পুলিশের যৌথ টাস্কফোর্স অভিযান চালিয়ে এক কেজি ভারতীয় গাঁজাসহ তিন মাদক ব্যবসায়িকে গ্রেফতার করেছে। এসময় তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে মাদক বিক্রির ৬ হাজার ৩শ’ ২০ টাকা জব্দ করেছে পুলিশ। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে। শনিবার দুপুরে আদালতের মাধ্যমে গ্রেফতার আসামিদের কারাগারে পাঠিয়েছে পুলিশ।
গ্রেফতারকৃতরা হচ্ছে- ধামাই চা বাগানের মৃত হরিদাস রুদ্র পালের ছেলে বিন্দু রুদ্র পাল (৫০), মৃত মানিক রুদ্র পালের ছেলে নিত্য রুদ্র পাল (২৬) ও সেবো রিকমুনের ছেলে ইন্দ্রজিৎ রিকমুন (২৪)।
জানা গেছে, বিজিবি-৫২ ব্যাটালিয়নের সহকারি পরিচালক মো. মাহফুজার রহমান ও জুড়ী থানার এসআই নাসির উদ্দিনের নেতৃত্বে বিজিবি জুড়ী বিওপি ও থানা পুলিশের যৌথ টাস্কফোর্স সীমান্ত হতে আনুমানিক ৩ কিলোমিটার বাংলাদেশ অভ্যন্তরে ধামাই চা বাগান এলাকায় অভিযান চালিয়ে ভারতীয় গাঁজাসহ তিন মাদক ব্যবসায়িকে গ্রেফতার করে। জুড়ী থানার ওসি মো. মুর্শেদুল আলম ভুঁইয়া জানান, এ ব্যাপারে এসআই নাসির উদ্দিন বাদি হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা হয়েছে। শনিবার দুপুরে আদালতের মাধ্যমে গ্রেফতার আসামিদের কারাগারে পাঠানো হয়েছে।





