শাবিতে প্রাণিসুরক্ষায় ভ্যাক্সিনেশন কর্মসূচি
প্রকাশিত হয়েছে : ০৮ নভেম্বর ২০২৫, ৭:১২:১৩ অপরাহ্ন

শাবিপ্রবি প্রতিনিধি: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে প্রাণির সুরক্ষা ও মানবিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমী কর্মসূচি ‘পজ অব কাইন্ডনেস: ক্যাম্পাস ভ্যাক্সিনেশন অ্যান্ড কেয়ার মিশন’।
শুক্রবার সকালে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ আয়োজন করে শিক্ষার্থীদের সংগঠন ভয়েস ফর জাস্টিস, শাবিপ্রবি ও গ্রীন এক্সপ্লোর সোসাইটি। ক্যাম্পাসের পোষা ও পথপ্রাণিদের র্যাবিস টিকাদানের মাধ্যমে র্যাবিসমুক্ত, নিরাপদ ও মানবিক পরিবেশ গড়ে তোলাই ছিল এ উদ্যোগের মূল লক্ষ্য।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ ইসমাইল হোসাইন। বিশেষ অতিথি ছিলেন রেজিস্ট্রার সৈয়দ সেলিম মো. আবদুল কাদির, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. সুলতান আহমেদ, প্রাণিসম্পদ অধিদপ্তর সিলেট বিভাগের পরিচালক ড. আবু জাফর মো. ফেরদৌস এবং পেটসবাবা’র প্রধান নির্বাহী কর্মকর্তা ড. সোহাগ তালুকদার।
কর্মসূচিতে সহযোগিতা করে প্রাধিকর (সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়), পেটসবাবা এবং ভেট কেয়ার সেন্টার, সিলেট। সকাল ১০টায় আলোচনা সভা ও র্যালির পর অজুন্তাতলায় শুরু হয় টিকাদান কার্যক্রম। ছেলেদের তিনটি ও মেয়েদের তিনটি হলে বিড়ালদের টিকা দেওয়া হয়, পাশাপাশি ক্যাম্পাসজুড়ে পথকুকুরদেরও র্যাবিস টিকা প্রদান করা হয়।
ভয়েস ফর জাস্টিস, শাবিপ্রবির সভাপতি মো. মমিনুর রশিদ শুভ বলেন, ক্যাম্পাসে এই প্রথম প্রাণিদের ভালোবেসে আমরা টিকাদান কার্যক্রম আয়োজন করেছি। বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে আহ্বান— প্রতিবছর নিয়মিতভাবে এই কর্মসূচি চালু রাখা হোক, যাতে প্রাণির সুরক্ষা ও শিক্ষার্থীদের নিরাপত্তা দুটোই নিশ্চিত হয়।





