সিলেটে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল : ৪ নেতাকর্মী গ্রেপ্তার
প্রকাশিত হয়েছে : ০৮ নভেম্বর ২০২৫, ৮:২৭:২২ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : সিলেট নগরীতে হঠাৎ ঝটিকা মিছিল করেছে নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগ। শুক্রবার ভোরে নগরীর মির্জাজাঙ্গাল এলাকায় মিছিলটি অনুষ্ঠিত হয়। এদিকে মিছিল দেয়ার প্রেক্ষিতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ৪ জনকে আটক করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাতে অভিযান চালিয়ে নগরীর বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। তারা সকলেই আওয়ামী লীগের অঙ্গ-সংগঠনের সদস্য।
গ্রেপ্তারকৃতরা হলেন- মহানগর ৭নং ওয়ার্ড ছাত্রলীগের সদস্য মোঃ ওমর ফারুক (২৪), সিলেট মহানগর ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আবু সুফিয়ান (৪০), ২৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি জয়নাল আহমেদ (৫২) ও ৮নং ওয়ার্ড যুবলীগের সদস্য আব্দুর রশিদ (৩৯)।
এরআগে শুক্রবার সকাল সাড়ে ৭ টার দিকে নগরের মির্জাজাঙ্গাল এলাকায় ঝটিকা মিছিল বের করে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ। মিছিলের ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়লে শুক্রবারই কোতোয়ালী মডেল থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হয়। মামলা নং-১৭। এরপর মিছিলকারীদের ধরতে অভিযানে নামে পুলিশ।
এর সত্যতা নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের মিডিয়া কর্মকর্তা অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম। গ্রেপ্তারকৃতদের সন্ত্রাসবিরোধী আইনের মামলাসহ বিভিন্ন মামলায় শনিবার আদালতে সোপর্দ করা হয়েছে।
এসএমপি সূত্র জানায়, শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে নগরের সুবিদবাজার এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ৭নং ওয়ার্ড ছাত্রলীগের সদস্য মোঃ ওমর ফারুক (২৪) কে গ্রেপ্তার করা হয়। ফারুকসহ ছাত্রলীগের অন্যান্য সদস্যরা শুক্রবার সকালে মির্জাজাঙ্গাল এলাকায় সরকারবিরোধী ব্যানার নিয়ে বিভিন্ন স্লোগানসহ ঝটিকা মিছিল করে। তারা নিষিদ্ধ ঘোষিত সংগঠন ‘ছাত্রলীগ’-এর ব্যানারে অন্তর্বর্তীকালীন সরকারবিরোধী ঝটিকা মিছিল আয়োজনের মাধ্যমে বাংলাদেশের অখণ্ডতা, সংহতি, জননিরাপত্তা ও সার্বভৌমত্ব বিপন্ন করার লক্ষ্যে উগ্রবাদী প্রচার ও প্ররোচনামূলক কর্মকাণ্ডে লিপ্ত হয়।
এছাড়া মোগলাবাজার থানা পুলিশ অভিযান চালিয়ে দক্ষিণ সুরমার গোটাটিকর থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘটনায় দায়েরকৃত মামলার সন্দিগ্ধ আসামি জয়নাল আহমেদ (৫২) কে গ্রেপ্তার করা হয়। জয়নাল সিলেট মহানগরের ২৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি।
একইদিনে বিস্ফোরক আইনে মামলার আসামি আবু সুফিয়ান (৪০) কে গ্রেপ্তার করে পুলিশ। সুফিয়ান মহানগর ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক। আবু সুফিয়ান শুক্রবার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে দেশত্যাগের চেষ্টাকালে মামলার আবেদনের প্রেক্ষিতে ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে।
শনিবার নগরের পানিটুলা এলাকা থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘটনায় দায়েরকৃত মামলার সন্দিগ্ধ আসামী ৮নং ওয়ার্ড যুবলীগের সদস্য আব্দুর রশিদ (৩৯) গ্রেপ্তার করে পুলিশ।





