রাজনৈতিক মতভেদের মাঝেও চূড়ান্ত প্রস্তুতিতে ইসি
প্রকাশিত হয়েছে : ০৯ নভেম্বর ২০২৫, ১২:৩০:০০ অপরাহ্ন
১৮ নভেম্বর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ আমাদের প্রস্তুতি শতভাগ সম্পন্ন : ইসি মাছউদ

জালালাবাদ রিপোর্ট : গণভোট ও জুলাই সনদ নিয়ে রাজনৈতিক দলগুলো যখন বিভাজিত, তখন ফেব্রুয়ারীতেই নির্বাচনের জন্য চূড়ান্ত প্রস্তুতির পথে নির্বাচন কমিশন। ইসির তথ্য অনুযায়ী, আগামী ১৮ নভেম্বর প্রকাশিত হবে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করার পথে এগিয়েছে ইসি। সর্বশেষ তথ্যমতে, দেশে মোট ভোটার সংখ্যা ১২ কোটি ৭৬ লাখ ১২ হাজার ৩৮৪ জন। এর মধ্যে পুরুষ ভোটার ছয় কোটি ৪৭ লাখ ৬০ হাজার ৩৮২ জন, নারী ভোটার ছয় কোটি ২৮ লাখ ৫০ হাজার ৭৭২ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার এক হাজার ২৩০ জন। গত ১ সেপ্টেম্বর থেকে ৩১ অক্টোবর পর্যন্ত দুই মাসে ভোটার বেড়েছে ১৩ লাখ চার হাজার ৮৮০ জন।
ভোটার তালিকার পাশাপাশি অন্য প্রস্তুতি ও চুড়ান্ত করেছে ইসি। সংসদ নির্বাচনের আগে নির্বাচনি আইন সংশোধনের কাজ ইতিমধ্যে সম্পন্ন করেছে ইসি। গত ৩ নভেম্বর সরকার ‘গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) সংশোধন অধ্যাদেশ, ২০২৫’ এর গেজেট প্রকাশ করেছে, যেখানে বেশ কিছু যুগান্তকারী বিধান যুক্ত হয়েছে। সংশোধনের মূল দিকগুলো হলো-আদালত ঘোষিত ফেরারি আসামি প্রার্থী হতে পারবেন না, আইনশৃঙ্খলা বাহিনীর সংজ্ঞায় সশস্ত্র বাহিনী (সেনা, নৌ, বিমান ও কোস্টগার্ড) অন্তর্ভুক্ত করা হয়েছে, একক প্রার্থীর আসনে ‘না ভোট’ পুনরায় চালু করা হয়েছে, সমান ভোট পেলে লটারির পরিবর্তে পুনঃভোট অনুষ্ঠিত হবে, জোটগত নির্বাচনে নিজ দলের প্রতীকে ভোট বাধ্যতামূলক করা হয়েছে, নির্বাচনি জামানত নির্ধারণ করা হয়েছে ৫০ হাজার টাকা, অনিয়ম প্রমাণিত হলে পুরো আসনের ভোট বাতিলের ক্ষমতা ইসিকে দেওয়া হয়েছে এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহারে অনিয়ম হলে সেটি নির্বাচনি অপরাধ হিসেবে গণ্য হবে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে ইসি নতুন তিনটি রাজনৈতিক দলকে নিবন্ধন দিয়েছে। দলগুলো হলো-জাতীয় নাগরিক পার্টি (এনসিপি, প্রতীক : শাপলা কলি), বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (মার্ক্সবাদী, প্রতীক : কাঁচি) এবং বাংলাদেশ আম জনগণ পার্টি (প্রতীক : হ্যান্ডশেক)। তিন দলের নিবন্ধন সংক্রান্ত বিজ্ঞপ্তিতে আগামী ১২ নভেম্বর পর্যন্ত দাবি-আপত্তি জানানোর সময় নির্ধারণ করা হয়েছে।
ইসি চূড়ান্তভাবে দেশের ৬৪ জেলায় ৩০০ আসনে ৪২ হাজার ৭৬১টি ভোটকেন্দ্র নির্ধারণ করেছে। এবার প্রথমবারের মতো প্রবাসী বাংলাদেশিদের জন্য পোস্টাল ভোটিংয়ের সুযোগ থাকছে। এ লক্ষ্যে ‘পোস্টাল ভোট রেজিস্ট্রেশন অ্যাপ’ চালু করা হচ্ছে, যা ১৬ নভেম্বর উদ্বোধন করা হবে। ইসি সচিব জানিয়েছেন, আগামী সপ্তাহ থেকেই রাজনৈতিক দলগুলোর সঙ্গে নির্বাচনি সংলাপ শুরু হতে পারে।
প্রতীক জটিলতুও কাটিয়ে উঠেছে নির্বাচন কমিশন। ত্রয়োদশ সংসদ নির্বাচনে নিবন্ধিত দল ও স্বতন্ত্র প্রার্থীদের জন্য ১১৯টি প্রতীক সংরক্ষণ করছে ইসি। জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রত্যাশিত শাপলা প্রতীকের স্থান না হলেও যুক্ত হয়েছে শাপলা কলি।
ইসি সচিবালয়ের এক শীর্ষ কর্মকর্তা জানান, নির্বাচনি সামগ্রী সংগ্রহ, আইন সংশোধন, ভোটার তালিকা হালনাগাদসহ মৌলিক প্রস্তুতির সবকিছুই নভেম্বরের মধ্যেই সম্পন্ন হবে এবং ডিসেম্বরের শুরুতে নির্বাচনের তফশিল ঘোষণার আগেই সব প্রস্তুতি শেষ হয়ে যাবে।
এদিকে, জ্যেষ্ঠ নির্বাচন কমিশনার আব্দুর রহমান মাসউদ এক একান্ত সাক্ষাৎকারে বলেছেন, আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের জন্য নির্বাচন কমিশন (ইসি) তাদের পূর্ণ প্রস্তুতি সম্পন্ন করেছে। নির্বাচন আয়োজনের ক্ষেত্রে ইসির এখন কোনো ধরনের প্রতিবন্ধকতা নেই। আমাদের প্রস্তুতি শতভাগ সম্পন্ন। ফেব্রুয়ারির প্রথম বা দ্বিতীয় সপ্তাহে নির্বাচন হলে আমরা সম্পূর্ণ প্রস্তুত।
আব্দুর রহমান মাসউদ জানান, সর্বশেষ রিপোর্ট অনুযায়ী বিদেশ থেকে আনা ভোটের কালি এসে পৌঁছেছে এবং ভোটের আগে প্রয়োজনীয় প্রায় সব মৌলিক কাজ ইতোমধ্যেই শেষ হয়েছে। তিনি উল্লেখ করেন, গত কয়েকটি জাতীয় নির্বাচনে অনিয়মের কারণে জনগণের মধ্যে যে অনাস্থা তৈরি হয়েছে, সেটি কাটিয়ে ওঠাই এবারের কমিশনের প্রধান লক্ষ্য।
এদিকে, ইসির সাথে অভিন্ন সুর সরকারেরও। শুক্রবার অন্তর্বর্তী সরকারের প্রেস সচিব শফিকুল আলম বলেন, আগামী ফেব্রুয়ারিতে সংসদ নির্বাচন হবেই। কেউ এই নির্বাচন ঠেকাতে পারবে না। সর্বত্র নির্বাচনী প্রচারণা শুরু হয়েছে। সব দলই প্রার্থীর নাম ঘোষণা করেছে, মিছিল ও মিটিংয়ে প্রচারণায় নেমেছে।





