শাবিতে শিবিরের চক্ষু ক্যাম্প
প্রকাশিত হয়েছে : ০৯ নভেম্বর ২০২৫, ৭:০৪:২৪ অপরাহ্ন

শাবিপ্রবি প্রতিনিধি: শিক্ষার্থীদের সহজ স্বাস্থ্যসেবার সুযোগ করে দিতে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দিনব্যাপী চোখের চিকিৎসা ক্যাম্পের আয়োজন করেছে শাবিপ্রবি শাখা ইসলামী ছাত্রশিবির।
রোববার সকাল সাড়ে ৯টায় বিশ্ববিদ্যালয়ের চেতনা অর্জুন তলায় ক্যাম্পের উদ্বোধন করেন উপ-উপাচার্য অধ্যাপক ড. সাজেদুল করিম এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. ইসমাঈল হোসেন। এতে সিলেটের কয়েকজন চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসক শিক্ষার্থীদের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করেন। ক্যাম্পে চোখের পরীক্ষা, ওষুধ বিতরণ ও প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হয়।
চিকিৎসা নিতে আসা শিক্ষার্থী আলি আব্বাস শাহিন বলেন, অনেক সময় চোখের সমস্যা হলেও ডাক্তারের কাছে যাওয়ার সুযোগ মেলে না। ক্যাম্পাসেই এমন উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। আমরা আরও এমন আয়োজন আশা করি।
শিবির প্যানেলের সম্ভাব্য ভিপি প্রার্থী দেলোয়ার হোসেন শিশির বলেন, হেলথ ক্যাম্পের সফল আয়োজনের পর শিক্ষার্থীদের অনুরোধে এবার চক্ষু ক্যাম্প করেছি। শিক্ষার্থীদের প্রত্যাশা পূরণে আমরা সবসময় কাজ করতে চাই। ভবিষ্যতেও এ ধরনের কল্যাণমূলক উদ্যোগ অব্যাহত থাকবে।





