দেড় বছর ধরে কর্মক্ষেত্রে অনুপস্থিত শাবি শিক্ষক
প্রকাশিত হয়েছে : ০৯ নভেম্বর ২০২৫, ৮:১৮:২২ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : কর্তৃপক্ষের অনুমতি ছাড়া ১ বছর ৬ মাস ধরে কর্মক্ষেত্রে অনুপস্থিত রয়েছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বায়োকেমিস্ট্রি এন্ড মলিকুলার বায়োলিজ (বিএমবি) বিভাগের সহকারী অধ্যপক ড. শেখ মির্জা নুরুন্নবী। আগামী এক মাসের মধ্যে তাকে কাজে যোগদানের চূড়ান্ত নোটিশ দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। নির্ধারিত সময়ের মধ্যে কাজে যোগদান না করলে চাকরিবিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয়েছে। রেজিস্ট্রার দপ্তর সূত্রে জানা গেছে, ২০২২ সালের ১১ মে শিক্ষা ছুটি নিয়ে বিদেশ যান বায়োকেমিস্ট্রি এন্ড মলিকুলার বায়োলিজ (বিএমবি) বিভাগের সহকারী অধ্যপক ড. শেখ মির্জা নুরুন্নবী। শিক্ষা ছুটি শেষে ২০২৪ সালের ১১ মে বিভাগে যোগদান করার কথা। কিন্তু দেড় বছরেও তিনি বিভাগে যোগদান করেননি। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকেও অবহিত করেননি। ফলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কাজে যোগদান করতে ড. শেখ মির্জা নুরুন্নবীকে চূড়ান্ত নোটিশ দিয়েছে। ক্যাম্পাস সূত্র জানায়, ড. শেখ মির্জা নুরুন্নবী আওয়ামীপন্থী শিক্ষক হিসেবে ক্যাম্পাসে পরিচিত ছিলেন। জুলাই গণঅভ্যূথানের পরে আর তিনি দেশে ফেরেননি।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার সৈয়দ ছলিম মোহাম্মদ আব্দুল কাদির জানান, কর্তৃপক্ষের অনুমতি ব্যতিরেখে ড. শেখ মির্জা নুরুন্নবী কর্মস্থলে অনুপস্থিত থেকে কর্তৃপক্ষের আদেশ অমান্য করেছেন। তাই কাজে যোগদান করতে তাকে চূড়ান্ত নোটিশ দেওয়া হয়েছে। অন্যথায় বিশ্ববিদ্যালয়ের চাকরিবিধি অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।





