আগামী জুনের মধ্যে চালু হচ্ছে ওপেন ব্যাংকিং ব্যবস্থা
প্রকাশিত হয়েছে : ০৯ নভেম্বর ২০২৫, ৮:৩০:৫৩ অপরাহ্ন

জালালাবাদ ডেস্ক : আর্থিক খাতে আরও স্বচ্ছতা ও উদ্ভাবন নিশ্চিতের লক্ষ্যে প্রযুক্তিগতভাবে উন্নত দেশগুলোর অনুকরণে বাংলাদেশেও চালু হতে যাচ্ছে ‘ওপেন ব্যাংকিং’ ব্যবস্থা। এই ব্যবস্থার মাধ্যমে কোনো গ্রাহক একটি ব্যাংকে হিসাব থাকলেও তৃতীয় পক্ষের ফিনটেক প্রতিষ্ঠানের মাধ্যমে তার লেনদেনের ইতিহাসের ওপর ভিত্তি করে অন্য ব্যাংকের সেবাও গ্রহণ করতে পারবেন। দিনক্ষণ চূড়ান্ত না হলেও ২০২৬ সালের জুনের মধ্যে দেশে এই সেবা চালু করার লক্ষ্যে কাজ করছে কেন্দ্রীয় ব্যাংক।
বাংলাদেশ ব্যাংক সূত্র জানিয়েছে, কেন্দ্রীয় ব্যাংক ২০২৬ সালের জুনের মধ্যে ‘ওপেন ব্যাংকিং গাইডলাইন’ ও মানসম্মত অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টারফেস (এপিআই) প্রোটোকল প্রকাশের পরিকল্পনা করছে। এ লক্ষ্যে ২০২৫ সালের ডিসেম্বরের মধ্যে একটি ওয়ার্কিং কমিটি গঠনের উদ্যোগ নেওয়া হতে পারে, যা বাস্তবায়ন প্রক্রিয়ায় দিকনির্দেশনা দেবে।
কেন্দ্রীয় ব্যাংক বলছে, যদি কোনো গ্রাহকের প্রাইম ব্যাংকে অ্যাকাউন্ট থাকে, তবে সেই ব্যাংকের লেনদেনের পারফরম্যান্স বা কার্যক্রমের ভিত্তিতে তিনি ব্র্যাক ব্যাংক থেকেও ভিন্ন ধরনের সেবা নিতে পারবেন। এক্ষেত্রে ব্র্যাক ব্যাংক গ্রাহকের পারফরম্যান্স সংক্রান্ত তথ্য তৃতীয় পক্ষের ফিনটেক প্রতিষ্ঠানের কাছ থেকে মূল্যায়ন করে প্রয়োজনীয় সেবা প্রদান করবে। এই ব্যবস্থার মাধ্যমে গ্রাহকরা নিজেদের সম্মতিতে তৃতীয় পক্ষের ফিনটেক বা অ্যাপের মাধ্যমে আর্থিক তথ্য শেয়ার করতে পারবেন। এতে ঋণ গ্রহণ, বিল পরিশোধ, ব্যয় বিশ্লেষণ ও বিনিয়োগ সংক্রান্ত তথ্য একই প্ল্যাটফর্মে পাওয়া যাবে।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায়, এই পদ্ধতি গ্রাহকদের জন্য আর্থিক সেবা গ্রহণ আরও সহজ করবে এবং আর্থিক পরিকল্পনা সম্পর্কে গভীর ধারণা দেবে। এর ফলে সেবার মান উন্নত হবে, খরচ কমবে এবং রিয়েল-টাইম ডেটার মাধ্যমে দ্রুত ঋণ অনুমোদন ও ব্যক্তিগত আর্থিক সমাধান দেওয়া সম্ভব হবে।
বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস বিভাগের পরিচালক শরাফত উল্লাহ খান বলেন, ব্যাংক, ফিনটেক প্রতিষ্ঠান এবং নিয়ন্ত্রক সংস্থার ঘনিষ্ঠ সহযোগিতায় খুব শিগগিরই বাংলাদেশে ওপেন ব্যাংকিং ব্যবস্থা চালু করা হবে। বেসরকারি ক্রেডিট ব্যুরো, পেমেন্ট ইনিশিয়েশন সার্ভিস এবং ডিজিটাল ব্যাংকের বিকাশে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সম্প্রতি পঞ্চম বাংলাদেশ ফিনটেক সামিটে ‘ওপেন ব্যাংকিং : রিডিফাইনিং ফাইন্যান্সিয়াল সার্ভিসেস ফর দ্য নেক্সট ডিকেড’ শীর্ষক আলোচনায় সভায় বিষযটি উঠে আসে। অনুষ্ঠানটি আয়োজন করে মাস্টারকার্ড ও প্রাইম ব্যাংক।





