ওমান প্রবাসীর স্ত্রী হত্যা মামলার আসামী গ্রেফতার
প্রকাশিত হয়েছে : ০৯ নভেম্বর ২০২৫, ৮:৪৪:৩২ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : সিলেটের আলোচিত ওমান প্রবাসীর স্ত্রী হালিমা হত্যা মামলার এক আসামিকে গ্রেফতার করেছে র্যাব-৯। শনিবার রাত ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সিলেট রেলওয়ে স্টেশনে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেপ্তারকৃতের নাম মো. জুনেদ আহমদ (২৮)। সে সিলেট নগরীর জালালাবাদ থানার নোয়াগাঁও এলাকার মৃত হারিছ আলীর ছেলে।
রোববার (৯ নভেম্বর) বিকেলে এর সত্যতা নিশ্চিত করেছেন র্যাব-৯ এর মিডিয়া কর্মকর্তা অতিরিক্ত পুলিশ সুপার কে.এম শহীদুল ইসলাম সোহাগ। গ্রেফতারকৃত জুনেদকে জালালাবাদ থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।
র্যাব জানায়, গত ৫ নভেম্বর রাতে নোয়াগাঁও এলাকার এক ওমান প্রবাসীর স্ত্রী মোছা. হালিমা বেগমের মরদেহ বাড়ির পাশে পড়ে থাকতে দেখে তার মেয়ে। খবর পেয়ে চাচা বাবুল মিয়া মরদেহটি স্বামীর বাড়িতে নিয়ে আসেন। তবে নিহতের গলায় ওড়না পেঁচানো অবস্থায় সামনের ও পেছনের দিকে দুটি গিট পাওয়া যায়। নিহতের মেয়ের অভিযোগ, পারিবারিক বিরোধের জেরে তার চাচা আলী হোসেন ও বাবুল মিয়া, বাবুলের স্ত্রী নাছিমা এবং তাদের সহযোগী মিলে হালিমাকে শ্বাসরোধে হত্যার পর মরদেহ বাড়ির ছাদ থেকে নিচে ফেলে দেন।
এছাড়া, পারিবারিক বিরোধ ছাড়াও আলী ও বাবুল বিভিন্ন সময় হালিমাকে কুপ্রস্তাব দিতেন বলেও অভিযোগ করেছে পরিবার। ঘটনার পর নিহতের মেয়ে বাদী হয়ে জালালাবাদ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এরপর মামলার তদন্তে নামে র্যাব-৯ এবং প্রাথমিক অনুসন্ধানে গ্রেফতারকৃত জুনেদের হত্যাকাণ্ডে সম্পৃক্ততা পাওয়া যায়।





