স্বামী-স্ত্রী সেজে মাদক কারবারিকে ধরল পুলিশ
প্রকাশিত হয়েছে : ০৯ নভেম্বর ২০২৫, ৮:৫১:৪৩ অপরাহ্ন

সংবাদদাতা : অবশেষে পুলিশের অভিনব কৌশলের কাছে ধরা পড়েছেন মৌলভীবাজারের শ্রীমঙ্গলে দীর্ঘদিনের ওয়ারেন্টভুক্ত পলাতক মাদক কারবারি স্বপন মিয়া (৩৪)। শনিবার (৮ নভেম্বর) বিকাল সাড়ে ৪টার দিকে ৪ নম্বর সিন্দুরখান ইউনিয়নের কুঞ্জবন এলাকার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
স্বপন মিয়া দীর্ঘদিন মাদক ও সীমান্ত ঘেঁষা চোরাচালান চক্রের সঙ্গে জড়িত। পুলিশের উপস্থিতি টের পেলেই দ্রুত গা-ঢাকা দেওয়ার কারণে তাকে ধরতে বারবার ব্যর্থ হচ্ছিল আইন-শৃঙ্খলা বাহিনী। তার একাধিক সোর্স থাকায় পুলিশের উপস্থিতি আগাম তথ্য পেয়ে পালিয়ে যেত সহজেই।
এই পরিস্থিতিতে শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলামের দিকনির্দেশনায় সহকারী উপপরিদর্শক (এএসআই) শরাফত আলী ভিন্নধর্মী পদ্ধতি গ্রহণ করেন। তিনি বোরকা পরে নারী চরিত্রে এবং সঙ্গীয় পুলিশ কনস্টেবল মো. রোকন উদ্দিন পাঞ্জাবি-টুপি পরে স্বামী সেজে মোটরসাইকেলে স্বপন মিয়ার বাড়ির ভেতরে প্রবেশ করেন। ঘরে ঢোকার পর দেখা যায়, স্বপন মিয়া বিছানায় শুয়ে আছে। পরিস্থিতি অনুধাবন করার আগেই পুলিশ তাকে দ্রুত গ্রেফতার করতে সক্ষম হয়।
শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম বলেন, ‘আসামি গ্রেফতারের এই সফল অভিযান প্রশংসনীয়। ওয়ারেন্টভুক্ত কোনো অপরাধীই আইনের বাইরে থাকতে পারবে না। অপরাধীরা যতই কৌশল অবলম্বন করুক, পুলিশ প্রয়োজনীয় বুদ্ধি ও পদ্ধতি প্রয়োগ করে তাদের আইনের আওতায় আনবে।
গ্রেফতারকৃত স্বপন মিয়াকে রোববার (৯ নভেম্বর) আদালতে সোপর্দ করা হয়েছে।





