সিলেটে ডেঙ্গু আক্রান্ত আরো ১২, হাসপাতালে সর্বোচ্চ ৩৪
প্রকাশিত হয়েছে : ০৯ নভেম্বর ২০২৫, ৯:১৪:১৭ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : অক্টোবর থেকে সিলেটে ক্রমশই বাড়ছে ডেঙ্গু রোগীর প্রকোপ। নভেম্বরে রীতিমত চোখ রাঙ্গাচ্ছে ডেঙ্গু। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধিন মওসুমের সর্বোচ্চ ৩৪ জন ডেঙ্গুরোগী।এদিকে আবহাওয়াজনিত পরিবর্তন ও বৃষ্টিপাতের কারণে ডেঙ্গুর প্রকোপ কিছুটা বেড়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য সংশ্লিষ্টরা। জনসাধারণকে বাসাবাড়ির আশপাশ পরিষ্কার রাখা, জমে থাকা পানি অপসারণ এবং আক্রান্ত ব্যক্তিকে নিজ থেকে আইসোলেইট থাকার আহ্বান জানিয়েছেন তারা।
সিলেট বিভাগে গত ২৪ ঘন্টায় আরো ১২ জন ডেঙ্গুরোগী শনাক্ত হয়েছেন। এ নিয়ে চলতি মৌসুমে জানুয়ারী থেকে রোববার (৯ নভেম্বর) পর্যন্ত ডেঙ্গুরোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৩৭৪ জনে। এরমধ্যে নভেম্বরের ৯ দিনে আক্রান্ত হয়েছেন ৫৯ জন।
বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে ৩৪ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধিন রয়েছেন। এটি চলতি মওসুমে একসাথে হাসপাতালে চিকিৎসাধিন থাকা ডেঙ্গুরোগীদের সর্বোচ্চ সংখ্যা।
রোববার (৯ নভেম্বর) দৈনিক জালালাবাদকে এর সত্যতা নিশ্চিত করেছেন স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়ের পরিচালক ডা. আনিসুর রহমান।স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয় সূত্রে জানা গেছে, বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে ৩৪ জন ডেঙ্গু রোগী চিকিৎসা নিচ্ছেন। এরমধ্যে সিলেট এমএজি ওসমানী হাসপাতালে ৯ জন, জালালাবাদ রাগিব রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে ৪ জন, ওয়েসিস হাসপাতালে ১ জন, খাদিমপাড়া ৩১ শয্যা হাসপাতালে ১ জন, হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে ১০ জন, সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে ১ জন, মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ২ জন ও লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৬ জন ডেঙ্গুরোগী ভর্তি আছেন।
এদিকে চলতি মওসুমে এবং নভেম্বর মাসেও সিলেট বিভাগে ডেঙ্গু আক্রান্তে শীর্ষে রয়েছে হবিগঞ্জ জেলা। চলতি মৌসুমে ডেঙ্গু আক্রান্ত ৩৭৪ জনের ২০৪জনই হবিগঞ্জ জেলার বাসিন্দা। জেলাটিকে বিভাগের ডেঙ্গু হটস্পট হিসেবে বিবেচনা করা হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, চলতি মৌসুমে ১০ মাসে বিভাগে ডেঙ্গুতে ১ জনের মৃত্যু হয়েছে। আর শনাক্ত হয়েছেন ৩৭৪ জন ডেঙ্গুরোগী। এরমধ্যে চলতি নভেম্বর মাসের ৯ দিনে শনাক্ত হয়েছেন ৫৯ জন। গত অক্টোবর শনাক্ত হয়েছিলেন ১৩২ জন। গত সেপ্টেম্বর মাসে শনাক্ত হয়েছিলেন ৭৩ জন।
এর আগে গত আগস্ট মাসে শনাক্ত হয়েছেন ৪৮ জন। এছাড়া গত জুলাই মাসে শনাক্ত হয়েছেন ২৯ জন। জুন মাসে শনাক্ত হয়েছেন ১৪ জন। মে মাসে শনাক্ত হন ১২ জন। এপ্রিল ও ফেব্রুয়ারী মাসে কোন রোগী শনাক্ত না হলেও জানুয়ারী মাসে ৬ ও মার্চ মাসে ১ জন ডেঙ্গুরোগী শনাক্ত হন।
চলতি মৌসুমে বিভাগে ৩৭৪ জন ডেঙ্গুরোগীর মধ্যে সিলেট জেলার ৬৫ জন, সুনামগঞ্জে ৫৪ জন, মৌলভীবাজারে ৫১ জন এবং হবিগঞ্জে সর্বোচ্চ ২০৪ জন শনাক্ত হয়েছেন।স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়ের পরিচালক ডা. আনিসুর রহমান বলেন, সিলেটে ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়লেও স্থানীয়ভাবে ডেঙ্গু আক্রান্তের কোন তথ্য মিলেনি। যারাই আক্রান্ত হয়েছেন সকলেরই ট্রাভেল হিস্ট্রি রয়েছে। ঢাকার পার্শ্ববর্তী হওয়ায় হবিগঞ্জ জেলায় ডেঙ্গুরোগীর সংখ্যা তুলনামূলক বেশী। তাই স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে জেলাগুলোকে সর্বোচ্চ সতর্কতা ও প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিতের নির্দেশনা দেয়া হয়েছে। ডেঙ্গু প্রতিরোধে সচেতনতার বিকল্প নেই।





