সিলেটে আন্তর্জাতিক ফিলিস্তিন সম্মেলন ১৭ নভেম্বর
প্রকাশিত হয়েছে : ১০ নভেম্বর ২০২৫, ৭:০১:০৪ অপরাহ্ন

জামেয়াতুল খাইর আল ইসলামিয়া সিলেট আন্তর্জাতিক ফিলিস্তিন সম্মেলন করতে যাচ্ছে। আগামী ১৭ নভেম্বর সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হবে। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জমিয়তে উলামায়ে ইসলাম পাকিস্তানের আমীর মাওলানা ফজলুর রহমান। সোমবার সিলেট প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়েছে।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মাদ্রাসার শিক্ষা বিভাগীয় প্রধান মাওলানা আব্দুল মুক্তাদির বলেন, ফিলিস্তিনের সমস্যা শুধু মধ্যপ্রাচ্য বা একটি নির্দিষ্ট ভূখণ্ডের বিষয় নয়। বরং এটি মুসলিম উম্মাহর জন্য এক গভীর সংকট ও মানবাধিকারবিরোধী ঘটনা। তিনি বলেন, এই সম্মেলন হবে ফিলিস্তিনের জনগণের প্রতি সিলেট তথা বাংলাদেশের সংহতি প্রকাশ। এখান থেকে বিশ্বব্যাপী মুসলিম দেশগুলোকে একযোগে ফিলিস্তিনের মানুষের পাশে দাঁড়ানোর আহবান জানানো হবে।
তিনি আরো জানান, এই সম্মেলনের প্রধান অতিথি ফিলিস্তিনসহ মুসলিম বিশ্বের সকল সংকটপূর্ণ ইস্যুতে রাজনৈতিক ও কূটনৈতিক ভূমিকায় অগ্রণী ভূমিকা পালন করছেন। তিনি বিভিন্ন মেয়াদে ২৫ বছরেরও বেশী সময় ধরে পাকিস্তান জাতীয় পরিষদের সদস্য হিসেবে নির্বাচিত হয়ে দায়িত্ব পালন করছেন। মাওলানা ফজলুর রহমান মুসলিম সম্প্রদায়ের মধ্যে এবং বিশ্বব্যাপী ঐক্য, মধ্যপন্থা এবং আন্তঃধর্মীয় সম্প্রীতি বৃদ্ধির লক্ষ্যে মুসলিম ওয়ার্ল্ড লীগের কার্যক্রমের গুরুত্বপূর্ণ অংশীদার। ২০০৫ সালের এশিয়ান সার্ভে রিপোর্টে মাওলানাকে এশিয়ার ৫ম ও বিশ্বের ১৯তম ধীমান রাজনীতিবিদ হিসেবে নির্ধারণ করেছে।
সংবাদ সম্মেলনে উচ্চতর গবেষণামূলক ইসলামী শিক্ষা প্রতিষ্ঠান জামেয়াতুল খাইর আল ইসলামিয়া সিলেটের ভারপ্রাপ্ত পরিচালক শাহ মুহাম্মদ নজরুল ইসলামসহ উলামায়ে কেরামগণ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি





