সিলেটে বেড়েছে ভোটার, বাড়ল ভোটকেন্দ্রও
প্রকাশিত হয়েছে : ১০ নভেম্বর ২০২৫, ৮:২২:০৩ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : হালনাগাদ ভোটার তালিকায় সিলেট জেলায় ভোটার বেড়েছে। একই সঙ্গে বেড়েছে বেড়েছে ভোটকেন্দ্রও। তবে কমেছে ভোটকেন্দ্রের কক্ষ। খসড়া তালিকা অনুযায়ী, সর্বশেষ ৩০ অক্টোবর করা হালনাগাদ তালিকায় ভোটার বেড়েছে ১ লাখ ৩০ হাজার ৪৮জন।
জেলা নির্বাচন অফিসের তথ্য মতে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেটে মোট ভোটার ছিল ২৭ লাখ ১৫ হাজার ৩৩১ জন। সিলেটে বর্তমানে মোট ভোটার সংখ্যা ২৮ লাখ ৪৫ হাজার ৩৭৯ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১৪ লাখ ৬২ হাজার ৪৭৭জন, মহিলা ভোটার ১৩ লাখ ৮২ হাজার ৮৮৭জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ১৫ জন। সিলেট জেলা নির্বাচন অফিস সূত্রে এসব তথ্য জানা গেছে। প্রকাশিত তালিকা অনুযায়ী সিলেটে ভোটার বেড়েছে ১ লাখ ৩০ হাজার ৪৮ জন।
তবে এবার ভোটকক্ষের সংখ্যা কিছুটা কমেছে। আর ভোটকেন্দ্রর সংখ্যা বেড়েছে একটি। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট জেলায় ভোটকেন্দ্র ছিল ১ হাজার ১৩টি, আর ভোটকক্ষের সংখ্যা ছিল ৬ হাজার ৬টি। এবার সিলেট জেলার ৬টি আসনে মোট ১ হাজার ১৪টি ভোটকেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এসব কেন্দ্রে মোট ৫ হাজার ৬০৫টি ভোটকক্ষ থাকবে।
সিলেট জেলা নির্বাচন কার্যালয়ের তথ্য অনুযায়ী, ত্রয়োদশ সংসদ নির্বাচনে জেলার ছয়টি ১ হাজার ১৪টি ভোটকেন্দ্র নির্ধারণ করা হয়েছে। এরমধ্যে সিলেট-১ আসনে ৩৬টি সিটি ওয়ার্ড ও ৭টি ইউনিয়নে ২১৫টি ভোটকেন্দ্র রয়েছে, যেখানে ভোটকক্ষের সংখ্যা ১ হাজার ২৫৭টি। সিলেট-২ আসনে ১টি পৌরসভা ও ১৬টি ইউনিয়নে ভোটকেন্দ্র ১২৮টি এবং ভোটকক্ষ ৭০৫টি। সিলেট-৩ আসনে ৬টি সিটি কর্পোরেশন ওয়ার্ড ও ১৯টি ইউনিয়নে ভোটকেন্দ্র ১৫১টি এবং ভোটকক্ষ ৮৩৯টি। সিলেট-৪ আসনে ২৫টি ইউনিয়নে ভোটকেন্দ্র ১৭০টি ও ভোটকক্ষ ৯৮০টি। সিলেট-৫ আসনে ২টি পৌরসভা ও ১৮টি ইউনিয়নে ভোটকেন্দ্র ১৫৮টি ও ভোটকক্ষ ৮৭৯টি। আর সিলেট-৬ আসনে ২টি পৌরসভা ও ২১টি ইউনিয়নে ভোটকেন্দ্র ১৯২টি এবং ভোটকক্ষ ৯৪৬টি নির্ধারণ করা হয়েছে। এদিকে খসড়া ভোটার তালিকা অনুযায়ী, সিলেট-১ আসনে ভোটার ৬ লাখ ৭৪ হাজার ১৭১ জন, সিলেট২ আসনে ৩ লাখ ৬৪ হাজার ৭৯৯ জন, সিলেট৩ আসনে ৪ লাখ ৪ হাজার ৩৫২ জন, সিলেট-৪ আসনে ৫ লাখ ২৬ হাজার ৫২ জন, সিলেট-৫ আসনে ৪ লাখ ৯ হাজার ৯৫৬ জন এবং সিলেট-৬ আসনে ৪ লাখ ৮৯ হাজার ৪৪৯ জন। ভোটারের সংখ্যা বিবেচনায় সিলেট-১ আসনেই সবচেয়ে বেশি ভোটা৬ লাখ ৭৪ হাজার ১৭১ জন।
সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ মুঞ্জুরুল আলম গণমাধ্যমকে বলেন, নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী আগামী ১৮ নভেম্বর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। কমিশনের নীতিমালা অনুসারেই সব প্রস্তুতি নেওয়া হচ্ছে। গতবারের মতো এবারও ব্যালট পেপারের মাধ্যমে ভোট গ্রহণ হবে। তিনি আরও জানান, নির্বাচনের তফশিল ঘোষণার পর প্রিসাইডিং অফিসারদের প্রশিক্ষণ শুরু হবে এবং নিরাপত্তাসংক্রান্ত সিদ্ধান্তও তখনই নেওয়া হবে।





