একনেকে ৭ হাজার ১৫০ কোটি টাকার ১২ প্রকল্প অনুমোদন, নেই সিলেটের কোনো প্রকল্প
প্রকাশিত হয়েছে : ১০ নভেম্বর ২০২৫, ৮:২৭:৪৩ অপরাহ্ন

জালালাবাদ ডেস্ক : জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) ৭ হাজার ১৫০ কোটি ২১ লাখ টাকা ব্যয় সম্বলিত ১২টি প্রকল্প অনুমোদন করেছে। অনুমোদিত প্রকল্পগুলোর সম্পূর্ণ ব্যয় সরকারের নিজস্ব তহবিল থেকে সংস্থান করা হবে। গতকাল সোমবার রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে একনেক সভায় এই প্রকল্পসমূহ পাস করা হয়। দেশের বিভিন্ন এলাকার প্রকল্প থাকলেও বরাবরের মতো এবারও সিলেট বিভাগ থেকে কোনো প্রকল্প স্থান পায়নি এবারের একনেক সভায় ।
বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা এবং একনেক চেয়ারপারসন ড. মুহাম্মদ ইউনূস। পরিকল্পনা কমিশন জানায়, অনুমোদিত ১২টি প্রকল্পের মধ্যে নতুন প্রকল্প রয়েছে ৮টি, সংশোধিত প্রকল্প ২টি এবং ব্যয় বৃদ্ধি ব্যতিরেকে মেয়াদ বৃদ্ধির প্রকল্প রয়েছে ২টি। অনুমোদিত ১২টি প্রকল্প হচ্ছে— পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দুটি প্রকল্প, যার মধ্যে রয়েছে ‘‘মানিকগঞ্জ জেলার গুরুত্বপূর্ণ গ্রামীণ অবকাঠামো উন্নয়ন’’ প্রকল্প এবং ‘‘সাতক্ষীরা জেলা গ্রামীণ অবকাঠামো উন্নয়ন” প্রকল্প। কৃষি মন্ত্রণালয়ের ১টি প্রকল্প ‘‘কিশোরগঞ্জ ও নেত্রকোণা জেলার হাওর এলাকার ক্ষুদ্রসেচ ব্যবস্থাপনার উন্নয়ন” (৩য় সংশোধন)” প্রকল্প। শিক্ষা মন্ত্রণালয়ের দুটি প্রকল্প ‘‘গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়ন” এবং ‘‘চট্টগ্রাম, খুলনা, রাজশাহী ও রংপুর বিভাগে একটি করে ইঞ্জিনিয়ারিং কলেজ স্থাপন (২য় সংশোধিত)’’ প্রকল্প। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের একটি প্রকল্প ‘‘সোহরাওয়ার্দী উদ্যানে স্বাধীনতা স্তম্ভ নির্মাণ (৩য় পর্যায়) (১ম সংশোধিত)” প্রকল্প। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের তিনটি প্রকল্প “সমাপ্ত ৪র্থ সেক্টর কর্মসূচির অত্যাবশ্যকীয় পরিবার পরিকল্পনা, মা, শিশু ও প্রজনন স্বাস্থ্য সেবার অসমাপ্ত কার্যাবলী বাস্তবায়ন” প্রকল্প, ‘‘স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর, নিপোর্ট এবং নার্সিং ও মিডওয়াইফারী অধিদপ্তরের কার্যক্রম ব্যবস্থাপনায় সমন্বিত উন্নয়ন” এবং “চঋউ, ঐঊঋ, ওঋগ, ঐজউ এবং ঝডচগগ এর অত্যাবশ্যকীয় অসমাপ্ত কার্যক্রম বাস্তবায়ন” প্রকল্প।
প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একটি প্রকল্প ‘‘ঢাকা সেনানিবাসে নির্ঝর আবাসিক এলাকায় ‘বি’ টাইপ অফিসার্স বাসস্থান নির্মাণ’’ প্রকল্প। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের একটি প্রকল্প— ‘‘নড়াইল-কালিয়া জেলা মহাসড়কের ২১তম কিলোমিটারে কালিয়া নামক স্থানে নবগঙ্গা নদীর ওপর কালিয়া সেতু নির্মাণের (২য় সংশোধিত) ৪র্থ বার মেয়াদ বৃদ্ধি” প্রকল্প। শিল্প মন্ত্রণালয়ের একটি প্রকল্প— ‘‘বিসিক শিল্প পার্ক, টাঙ্গাইল (৩য় সংশোধিত)’’ প্রকল্প।
সভায় পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ, অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ, আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল, স্বরাষ্ট্র এবং কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.), শিল্প এবং গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, স্থানীয় সরকার উপদেষ্টা নূরজাহান বেগমসহ সংশ্লিষ্ট উপদেষ্টারা ও কর্মকর্তারা অংশগ্রহণ করেন।





