পোস্টাল ব্যালটে প্রবাসীদের ভোট নেবে ইসি ভোট দিতে হবে ২০ দিন আগে
প্রকাশিত হয়েছে : ১০ নভেম্বর ২০২৫, ৮:২৯:৩১ অপরাহ্ন

জালালাবাদ ডেস্ক : দেশের ইতিহাসে এবারই প্রথমবারের মতো ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন প্রবাসী বাংলাদেশিরা। পোস্টাল ব্যালটে প্রবাসীদের ভোট নেবে নির্বাচন কমিশন (ইসি)। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রবাসীরা দেশের ভোটারদের চেয়ে ২০ দিন আগে ভোট দেবেন। ভোট দিয়ে ব্যালট ফেরত পাঠাতে হবে অন্তত ১৭ দিন আগে।
গতকাল সোমবার এক অনুষ্ঠানে নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ বলেন, কোনো পরীক্ষা ছাড়াই প্রথমবারের মতো প্রবাসীদের পোস্টাল ব্যালটে ভোট নিতে যাচ্ছে ইসি। এটি আমাদের জন্য বড় চ্যালেঞ্জ।
আবুল ফজল মো. সানাউল্লাহ বলেন, ১৮ নভেম্বর পোস্টাল ব্যালটে ভোটদানের জন্য অ্যাপ চালু হবে। এরপর অনলাইনে যে ফর্মটা পাওয়া যাবে সেটা ডাউনলোড করে পূরণ করতে হবে। নির্বাচনের তিন সপ্তাহ আগে প্রার্থীর তালিকা হয়ে যাবে। এরপর ভোট দিয়ে নিকটস্থ পোস্ট বক্সে ড্রপ করতে হবে। তিনি বলেন, নির্বাচনের অন্তত ১৭ দিন আগে পোস্টাল ব্যালটে ভোট দিয়ে তা পাঠিয়ে দিতে হবে। না হলে নির্বাচনের পরে ভোট পৌঁছাতে পারে। সেক্ষেত্রে ভোটটি নেওয়া যাবে না। এই নির্বাচন কমিশনার বলেন, প্রবাসী ভোটারদের নির্বাচনের ২০ দিন আগে পোস্টাল ব্যালটে ভোট দিতে হবে। ভোট দেওয়ার জন্য প্রবাসীদের ভোটার তালিকায় যুক্ত হতে হবে।
উল্লেখ্য, সরকারের নির্দেশনা অনুযায়ী আগামী ডিসেম্বরের প্রথমার্ধে তফসিল দিয়ে ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন সম্পন্ন করায় লক্ষ্য নিয়ে এগুচ্ছে কমিশন।





