জকিগঞ্জে টমটমের ধাক্কায় শিশুর মৃত্যু
প্রকাশিত হয়েছে : ১০ নভেম্বর ২০২৫, ৮:৩৫:৩১ অপরাহ্ন
জকিগঞ্জ সংবাদদাতা: সিলেটের জকিগঞ্জে ব্যাটারিচালিত যাত্রীবাহী টমটমের ধাক্কায় রাইয়ান আহমদ (১০) নামের এক শিশুশিক্ষার্থী নিহত হয়েছে। সোমবার বিকেল ৩টার দিকে সিলেট-জকিগঞ্জ সড়কের ভরণ এলাকার মুমিনপুর গেইটের সামনে এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনার পর বিক্ষুব্ধ এলাকাবাসী প্রায় এক ঘণ্টা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। পরে জকিগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাসান আহমদ, সুলতানপুর ইউনিয়নের চেয়ারম্যান রফিকুল ইসলাম এবং জকিগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। তাদের হস্তক্ষেপে বিক্ষোভকারীরা অবরোধ তুলে নেন এবং সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
নিহত রাইয়ান আহমদ জকিগঞ্জ সদর ইউনিয়নের মুমিনপুর গ্রামের আব্দুস সালাম (ছলন মিয়া)-এর ছেলে এবং স্থানীয় বাবুর বাজারের কুসুম কলি কিন্ডারগার্টেনের দ্বিতীয় শ্রেণির ছাত্র।
পরিবারের সদস্যদের বরাত দিয়ে জানা গেছে, স্কুল থেকে ফিরে রাইয়ান ব্যাগ ও ড্রেস খুলে সম্ভবত কিছু কিনতে সড়কের পাশে যায়। সেখানে রাস্তা পারাপারের সময় একটি ব্যাটারিচালিত টমটমের ধাক্কায় গুরুতর আহত হয় সে। মাথায় আঘাত পেয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে জকিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জহিরুল ইসলাম মুন্না ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেছে এবং সড়কে যান চলাচল স্বাভাবিক করেছে। ময়নাতদন্তের বিষয়টি শিশুটির পরিবারের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে। পরিবারের ইচ্ছানুযায়ী পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।





