নভেম্বরে ঘূর্ণিঝড় ও বৃষ্টির আশঙ্কা
প্রকাশিত হয়েছে : ১০ নভেম্বর ২০২৫, ৮:৫২:৪০ অপরাহ্ন
জালালাবাদ রিপোর্ট : নভেম্বরে বঙ্গোপসাগরে যে দুই থেকে তিনটি লঘুচাপ সৃষ্টি হতে পারে, তার মধ্যে অন্তত একটি নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবওহাওয়া অধিদপ্তর। এছাড়া তিনটি লঘুচাপের মধ্যে অন্তত একটি নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে বলে আশঙ্কাও জানানো হয়েছে।
অধিদপ্তরের দেওয়া নভেম্বর মাসের আবহাওয়ার দীর্ঘমেয়াদি পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে। পূর্বাভাস অনুযায়ী, এ মাসে চট্টগ্রাম, সিলেট, রাজশাহীসহ অন্য বিভাগগুলোয় ৩ থেকে ৬ দিন বৃষ্টি ঝরবে।
শীতের বিষয়ে এতে বলা হয়েছে, নভেম্বরেই দেশের কোথাও কোথাও এবং নদী অববাহিকায় কুয়াশা পড়তে পারে। এমাসে সামগ্রিকভাবে দেশে স্বাভাবিকের তুলনায় বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এ মাসে ঢাকা, চট্টগ্রাম, সিলেট, রাজশাহী ও খুলনা বিভাগে চার থেকে পাঁচদিন, ময়মনসিংহ ও রংপুর বিভাগে তিন থেকে চারদিন এবং বরিশাল বিভাগে পাঁচ থেকে ছয়দিন বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে।
পূর্বাভাসে আরও বলা হয়েছে, নভেম্বরে দেশের কোথাও-কোথাও এবং নদী অববাহিকায় ভোররাত থেকে সকাল পর্যন্ত হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। আর, দেশের প্রধান নদ-নদীগুলোর স্বাভাবিক প্রবাহ বজায় থাকতে পারে।
আবওহাওয়া অধিদপ্তর বলছে, অক্টোবরে দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ফেনীতে। এ জেলায় ২১ ও ২২ অক্টোবর সর্বোচ্চ ৩৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৪ অক্টোবর; উত্তরের জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়ায়। সেখানে তাপমাত্রা নামে ১৯ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াসে।





