জগন্নাথপুরে যুবক খুন
প্রকাশিত হয়েছে : ১১ নভেম্বর ২০২৫, ৬:২০:৩৪ অপরাহ্ন
সুনামগঞ্জ প্রতিনিধি:
সুনামগঞ্জের জগন্নাথপুরের পল্লীতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের সুলফির আঘাতে শামীম মিয়া (৩৮) নামে এক যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার সকাল ১১টার দিকে উপজেলার পাইলগাঁও ইউনিয়নের গোতগাঁ ও গ্রামে এ ঘটনাটি ঘটে। নিহত শামীম গোতগাঁও গ্রামের আঙ্গুর মিয়ার ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালের দিকে বাড়ির সামনে শামীম মিয়া বেড়া দেয়ার কাজ করছিলেন। এসময় ওই দিক দিয়ে ব্যাটারি চালিত ইজিবাইক (টমটম) নিয়ে যাচ্ছিলেন একই এলাকার প্রতিবেশী এবায়ত উল্লার ছেলে রবিউল ইসলাম। ওই সময় হঠাৎ করে ইজিবাইকের ধাক্কা লেগে বেড়া ভেঙে যায়। এ নিয়ে চালক রবিউল ও শামীমের মধ্যে বাকবিতন্ডা দেখা দেয়। এরই জেরে একপর্যায়ে রবিউলের নেতৃত্বে তার লোকজনের সুলফির আঘাতে শামীম গুরুতর আহত হলে দ্রুত তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার সময় পথিমধ্যেই তিনি মারা যান।
গোতগাঁও গ্রামের বাসিন্দা স্থানীয় ইউপি সদস্য মজুমদার আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, তুচ্ছ বিষয়টি নিয়ে প্রতিপক্ষের সুলফির আঘাতে নিহত হন ওই যুবক।
জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত ওসি মাহফুজ ইনতিয়াজ বলেন, নিহতের লাশ ময়না তদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।





