বড়লেখায় সাংবাদিকদের সাথে বিএনপি প্রার্থী মিঠুর মতবিনিময়
প্রকাশিত হয়েছে : ১১ নভেম্বর ২০২৫, ৭:২২:৩১ অপরাহ্ন
বড়লেখা প্রতিনিধি:
মৌলভীবাজার-১ (বড়লেখা-জুড়ী) আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্যপ্রার্থী ও মৌলভীবাজার জেলা বিএনপির সাবেক সহভাপতি নাসির উদ্দিন আহমেদ মিঠু বলেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা রূপরেখা জাতির পুনর্জাগরণের পথনির্দেশক, যা আমাদের স্বাধীনতা ও গণতন্ত্রের চেতনাকে নতুন উচ্চতায় পৌঁছে দেবে। দফাগুলো কেবল একটি রাজনৈতিক ঘোষণা নয়; এটি একটি স্বচ্ছ, ন্যায়ভিত্তিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার অঙ্গীকার। এই ৩১ দফা কর্মসূচি যদি বাস্তবায়ন করা যায়, তবে বাংলাদেশ সত্যিকার অর্থে একটি সোনার বাংলাদেশে পরিণত হবে। যেখানে থাকবে উন্নয়ন, সুশাসন ও মানুষের মৌলিক অধিকার নিশ্চিতের নিশ্চয়তা।
ধানের শীষ প্রার্থী নাসির উদ্দিন আহমেদ মিঠু সোমবার রাতে বড়লেখা পৌরশহরের একটি রেষ্টুরেন্টে প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে এসব কথা বলেন।
বড়লেখা উপজেলা বিএনপির সভাপতি আব্দুল হাফিজের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আব্দুস সহিদ খানের সঞ্চালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় অন্যদের মাঝে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মুজিবুর রহমান খছরু, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও ইউপি চেয়ারম্যান জয়নাল আবেদিন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হাফিজ ললন প্রমুখ।
স্থানীয় উন্নয়ন বিষয়ে নিজের করণীয় কর্মকৌশল তুলে ধরার পাশাপাশি তিনি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নেরও উত্তর দেন।





