নগরে পুলিশের পৃথক অভিযানে বিপুল ভারতীয় পেঁয়াজ উদ্ধার
প্রকাশিত হয়েছে : ১১ নভেম্বর ২০২৫, ৮:৪৭:২৭ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : সিলেট নগরীতে পৃথক অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় পেঁয়াজ জব্দ করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ। সোমবার বিকেলে সিলেট নগরীর এয়ারপোর্ট থানাধিন খাসদবির এবং মঙ্গলবার ভোরে কোতোয়ালী থানাধিন সোবহানীঘাট এলাকা থেকে এসব পেঁয়াজ জব্দ করা হয়। পৃথক অভিযানে দুটি পিকআপ জব্দ ও একজনকে আটক করা হয়।
এসএমপি সূত্রে জানা গেছে, সোমবার (১০ নভেম্বর) বিকেল ৩টার দিকে কোতোয়ালী মডেল থানার সোবহানীঘাট কাঁচাবাজার এলাকার পেঁয়াজ পট্টিতে অভিযান পরিচালনাকালে মেসার্স মুন বানিজ্যালয় ও জয়গুরু বানিজ্যালয় নামে দুটি দোকান থেকে ৭ হাজার ১৫৫ কেজি ভারতীয় পেঁয়াজ উদ্ধার করা হয়। অভিযানে একটি ডিআই পিকআপ ভ্যানও আটক করা হয়। উদ্ধারকৃত পেঁয়াজের আনুমানিক বাজারমূল্য প্রায় ৫ লাখ ৩০ হাজার টাকা।
অপরদিকে মঙ্গলবার (১১ নভেম্বর) ভোর ৩ টার দিকে নগরীর এয়ারপোর্ট থানাধিন খাসদবির পয়েন্ট থেকে একটি পিকআপ জব্দ করে ২ হাজার ২’শ কেজি পেঁয়াজ উদ্ধার করা হয়। এসময় মো. সাকিল উদ্দিন (২২) কে আটক করা হয়। সে গোয়াইনঘাট উপজেলার লাফনাউট গ্রামের কামাল উদ্দিনের ছেলে। উদ্ধারকৃত পেঁয়াজের আনুমানিক বাজারমূল্য ২ লাখ ২০ হাজার টাকা।
মঙ্গলবার এর সত্যতা নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের মিডিয়া কর্মকর্তা অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম। আইনানুগ ব্যবস্থাগ্রহণ শেষে পিকআপগুলো জব্দ ও আটককৃতকে আদালতে সোপর্দ করা হয়েছে বলেও জানান তিনি।





