সিলেটে ৬ ডায়াগনস্টিক সেন্টার ও এক হোটেলকে পরিবেশের জরিমানা
প্রকাশিত হয়েছে : ১১ নভেম্বর ২০২৫, ৯:০১:০৪ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : পরিবেশ অধিদপ্তরের অভিযানে সিলেট বিভাগের ৬ টি ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা করা হয়েছে। এসময় পরিবেশের ছাড়পত্র না নিয়ে ব্যবসা পরিচালনার দায়ে নগরীর লামাবাজারস্থ লা ভিস্তা হোটেলকেও জরিমানা করা হয়। পাশাপাশি জলাধার ভরাটের জন্য হবিগঞ্জের ২ জনসহ ৩ ব্যক্তিকেও জরিমানা করা হয়।
সোমবার (১০ নভেম্বর) দিনভর পরিবেশ অধিদপ্তরের সিলেট বিভাগীয় কার্যালয়ের টীমের নেতৃত্বে বিভাগের বিভিন্ন জেলায় এসব অভিযান পরিচালনা করা হয়। অভিযানে এসব প্রতিষ্ঠানকে ৬ লাখ ৮৮ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া জলাধার ভরাটের অপরাধে ২ ব্যক্তিকে না পাওয়ায় তাদের বিরুদ্ধে মামলা দায়েরের সিদ্ধান্ত নেয়া হয়।
পরিবেশ অধিদপ্তর সূত্রে জানা যায়, নবায়ন না করে ডায়াগনস্টিক সেন্টারের ব্যবসা পরিচালনার অপরাধে সিলেট নগরীর স্টেডিয়াম মার্কেটের ২য় তলার মা ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারকে ২০ হাজার, একই মার্কেটের পূর্ব দিকে অবস্থিত মেসার্স ল্যাব এইডকে ৪৫ হাজার, জৈন্তাপুরের একে টাওয়ারের জৈন্তা পপুলার ডায়াগনস্টিক সেন্টারকে ৪৫ হাজার, বিয়ানীবাজারের আলম টাওয়ারের সেবা মেডিকেল ও ডায়াগনস্টিক সেন্টারকে ৩০ হাজার, সুনামগঞ্জের উকিলপাড়া এলাকার ইউনিক ডায়াগনস্টিক সেন্টার এন্ড ডক্টরস চেম্বারকে ৩০ হাজার ও সুনামগঞ্জ সদরের উকিল পাড়া এলাকার ইউনিক ডায়াগনস্টিক সেন্টার এন্ড ডক্টরস চেম্বারকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়া পরিবেশের পরিবেশের ছাড়পত্র না নিয়ে ব্যবসা পরিচালনা করার অপরাধে পরিবেশের অভিযানকারী দল সিলেট নগরীর লামাবাজার এলাকার লা ভিস্তা হোটেলকে ৪ লাখ টাকা জরিমানা করে।
জলাধার ভরাট করার অপরাধে হবিগঞ্জের চৌধুরীর বাজার এলাকার বাসিন্দা শংকর পাল ও একই জেলার গোপিনাথপুর এলাকার অমূল্য চন্দ্র দাসকে ৫৮ হাজার ৪শত টাকা জরিমানা করা হয়। এসময় তারা অনুপস্থিত থাকায় দুজনের বিরুদ্ধে পরিবেশ আইনে মামলা করা হবে বলে জানায় অভিযানকারী দল।
এছাড়া একই জেলার মাধবপুরের নোয়াপাড়া এলাকার ফয়সল স্পিং মিলে প্যারামিটারের মান না থাকায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
এই ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে পরিবেশ অধিদপ্তরের সিলেট বিভাগীয় কার্যালয় সূত্র থেকে জানানো হয়েছে।





