রেল-লাইনে নাশকতার চেষ্টা : ৫ ছাত্রলীগ নেতাকর্মী আটক
প্রকাশিত হয়েছে : ১১ নভেম্বর ২০২৫, ৯:১০:২৩ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : সিলেটের গুরুত্বপূর্ণ স্থাপনা ও রেললাইনে নাশকতার পরিকল্পনা ভেস্তে দিয়েছে পুলিশ। এ ঘটনায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের পাঁচজন নেতা-কর্মীকে আটক করা হয়েছে। পুলিশের দাবি, আটক ব্যক্তিরা নাশকতার পরিকল্পনা করছিলেন।
সোমবার (১০ নভেম্বর) দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে ফেঞ্চুগঞ্জ থানার কচুয়াবহর এলাকায় সিলেট-মৌলভীবাজার আঞ্চলিক সড়কে চেকপোস্ট পরিচালনা করে ছাত্রলীগ নেতা কাবিলুর রহমান সোহেলকে আটক করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে আরও চারজনকে আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন- ফেঞ্চুগঞ্জ উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক ও হাটুভাঙা গ্রামের জিল্লুর রহমানের ছেলে কাবিলুর রহমান সোহেল (২৪), পশ্চিম ফরিদপুর গ্রামের মাহতাব উদ্দিনের ছেলে মিনহাজ উদ্দিন মাহিন (২০), পূর্ব ফরিদপুর গ্রামের মৃত আনোয়ার হোসেনের ছেলে সায়মন আহমদ (২০), কায়েস্তগ্রামের আবদুল খালেকের ছেলে মুহিবুল ইসলাম কাওসার, এবং হবিগঞ্জের বাহুবল থানার বড়গাঁও গ্রামের ফরিদ চৌধুরীর ছেলে সিজিল চৌধুরী।
এর সত্যতা নিশ্চিত করে ফেঞ্চুগঞ্জ থানার ওসি মো. মনিরুজ্জামান জানান, নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা মাইজগাঁও রেলওয়ে স্টেশন, উপজেলা পরিষদ ও শাহজালাল সার কারখানাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় ককটেল বিস্ফোরণ এবং রেললাইন খুলে ফেলার মাধ্যমে নাশকতার পরিকল্পনা করেছিল।
ওসি আরও জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে এবং এর তদন্ত চলছে। মঙ্গলবার (১১ নভেম্বর) তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।





