শ্রীমঙ্গলে সিগারেট, জিরা ও প্রসাধনীসহ আটক ১
প্রকাশিত হয়েছে : ১২ নভেম্বর ২০২৫, ৬:৩১:৪০ অপরাহ্ন

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গল থানা পুলিশের অভিযানে বিপুল পরিমাণ বিদেশি সিগারেট, ভারতীয় জিরা এবং কসমেটিকস সামগ্রী জব্দ করা হয়েছে। এ সময় একজন পাচারকারীকে আটক করা হয়েছে। শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মোঃ আমিনুল ইসলামের নেতৃত্বে এসআই বাবলু কুমার পাল ও ফোর্সসহ মঙ্গলবার দিবাগত রাতে শ্রীমঙ্গল শহরের মৌলভীবাজার রোডস্থ এসএ পরিবহন কুরিয়ার সার্ভিস অফিসে অভিযান পরিচালনা করে।
অভিযানে আব্দুল কাইয়ুম (২০), পিতা-মোঃ মহিবুল মিয়া টিকরিয়া (চকগাঁও) থানা-শ্রীমঙ্গল, জেলা-মৌলভীবাজারকে গ্রেফতার করা হয়। এ সময় ৯০ হাজার শলাকা বিদেশি সিগারেট, ৩০ বোতল অলিভ অয়েল, ১২০ কৌটা নিভিয়া ক্রীম এবং ভারতীয় ৫ বস্তা (১৫০ কেজি) জিরা জব্দ করা হয়। এসব পণ্যের আনুমানিক বাজার মূল্য প্রায় ১১ লাখ ১০ হাজার টাকা।
শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মোঃ আমিনুল ইসলাম জানান, গ্রেফতারকৃত ও তার অজ্ঞাতনামা সহযোগীরা অবৈধভাবে ভারত থেকে এসব পণ্য বাংলাদেশে এনে এসএ পরিবহন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বিভিন্ন স্থানে সরবরাহ করত। গ্রেফতারকৃত ব্যক্তি এসব পন্য আমদানির কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেননি। তিনি আরও জানান, এই ঘটনায় গ্রেফতারকৃত আসামী ও তার পলাতক সহযোগীদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে।





