হাইকোর্টের ২১ বিচারপতির শপথ
প্রকাশিত হয়েছে : ১২ নভেম্বর ২০২৫, ৮:৩৩:২০ অপরাহ্ন
জালালাবাদ ডেস্ক: সুপ্রিম কোর্টের হাই কোর্ট বিভাগে স্থায়ী নিয়োগ পাওয়া ২২ বিচারকের মধ্যে ২১ জন শপথ নিয়েছেন। একজন অসুস্থ থাকায় তার শপথ পরে হবে বলে রেজিস্ট্রারের দপ্তর থেকে জানানো হয়েছে। বুধবার দুপুর দেড়টায় সুপ্রিম কোর্ট জাজেস লাউঞ্জে তাদের শপথবাক্য পাঠ করান প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ।
শপথ অনুষ্ঠান পরিচালনা করেন রেজিস্ট্রার জেনারেল মুহাম্মদ হাবিবুর রহমান সিদ্দিকী। তিনি জানান, বিচারপতি সৈয়দ এনায়েত হোসেন হাসপাতালে ভর্তি থাকায় তার শপথ গ্রহণ আপাতত স্থগিত থাকবে। এর আগে মঙ্গলবার অতিরিক্ত ২২ বিচারপতিকে স্থায়ী হিসেবে নিয়োগ দিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।
২২ বিচারপতি হলেন— মো. গোলাম মর্তুজা মজুমদার, সৈয়দ এনায়েত হোসেন, মো. মনসুর আলম, সৈয়দ জাহেদ মনসুর, কে এম রাশেদুজ্জামান রাজা, মো. যাবিদ হোসেন, মুবিনা আসাফ, কাজী ওয়ালিউল ইসলাম, আইনুন নাহার সিদ্দিকা, মো. আবদুল মান্নান, তামান্না রহমান, মো. শফিউল আলম মাহমুদ, মো. হামিদুর রহমান, নাসরিন আক্তার, সাথিকা হোসেন, সৈয়দ মোহাম্মদ তাজরুল হোসেন, মো. তৌফিক ইনাম, ইউসুফ আব্দুল্লাহ সুমন, শেখ তাহসিন আলী, ফয়েজ আহমেদ, মো. সগীর হোসেন ও শিকদার মাহমুদুর রাজী।
সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারপতি, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি এ এম মাহবুব উদ্দিন খোকন, অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান এবং শপথ গ্রহণকারী বিচারপতিদের স্বজনরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। রেজিস্ট্রার জেনারেল মোহাম্মদ হাবিবুর রহমান শপথ অনুষ্ঠান পরিচালনা করেন।
২০২৪ সালের ৯ অক্টোবর ২৩ জনকে হাই কোর্টের অতিরিক্ত বিচারপতি হিসেবে নিয়োগ দেয় সরকার। তাদের মধ্যে ২২ জনকে স্থায়ী নিয়োগ দিয়ে মঙ্গলবার প্রজ্ঞাপন জারি করে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়। শপথ গ্রহণের পর থেকে এই নিয়োগ কার্যকর হবে বলে মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে জানানো হয়।





