জুড়ীতে ছাত্রলীগের মিছিলের ঘটনায় মামলা
প্রকাশিত হয়েছে : ১২ নভেম্বর ২০২৫, ৮:৫২:০৯ অপরাহ্ন
জুড়ী সংবাদদাতা: জুড়ীতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ঝটিকা মিছিলের ঘটনায় বুধবার সন্ত্রাসবিরোধী আইনে থানায় মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার সকালে জুড়ীতে ঝটিকা মিছিল বের করে ছাত্রলীগ। এ ঘটনায় জুড়ী থানার উপপরিদর্শক (এসআই) মিয়া নাসির উদ্দিন আহমেদ বাদী হয়ে তিনজনের নাম উল্লেখসহ ৩০-৩৫ জনকে আসামি করে মামলা দায়ের করেন।
মামলায় জায়ফরনগর ইউনিয়নের ভবানীপুর গ্রামের কবির আহমদের ছেলে ও জুড়ী কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি এ আর সাজেদ (২৮), একই গ্রামের আব্দুল জলিলের ছেলে হাসান তারেক (৪২) এবং জাঙ্গীরাই গ্রামের মো. চান মিয়ার ছেলে হাবিবুর রহমান জয় (২৫)-এর নাম উল্লেখ করা হয়েছে। জুড়ী থানার অফিসার ইনচার্জ মো. মোরশেদুল আলম ভূঁইয়া জানান, চিহ্নিত ও অজ্ঞাত আসামিদের গ্রেপ্তারের জন্য পুলিশ অভিযান চালাচ্ছে।





