ভারতীয় চোরাই পণ্যসহ গ্রেফতার ৪ জন জেল হাজতে
প্রকাশিত হয়েছে : ১২ নভেম্বর ২০২৫, ৯:০৯:০২ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : সিলেট সদর উপজেলার শিবের বাজার এলাকা থেকে ৯শ কেজি ভারতীয় চোরাই পেঁয়াজসহ গ্রেফতার হওয়া ৪ ব্যক্তিকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। গতকাল বুধবার দুপুরে পুলিশ আসামীদের আদালতে হাজির করলে বিজ্ঞ বিচারক তাদেরকে জেল হাজতে প্রেরণের আদেশ দেন। সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এসএমপির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে সঙ্গলবার সন্ধ্যায় সদর উপজেলার শিবের বাজার এলাকায় অভিযান চালায় জালালাবাদ থানা পুলিশের একটি টিম। শিবেরবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মুশফিকুর রহমানের নেতৃত্বে অভিযান চালিয়ে শিবের বাজার রাজারগাঁও উচ্চ বিদ্যালয় সংলগ্ন মাসুম আহমদের সবজি দোকানের সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে ৯শ কেজি ভারতীয় পেঁয়াজ ও দুইটি সিএনজি অটোরকিশাসহ ৪জনকে আটক করা হয়। আটককৃতরা হলেন সিলেট জেলার গোয়াইনঘাট উপজেলার নন্দিরগাঁও গ্রামের তছির মিয়া ও খোদেজা বেগমের পুত্র মোঃ কুতুব উদ্দিন (৫০), একই গ্রামের মকবুল আলীর পুত্র মোহাম্মদ আলী (৪০), মনফর আলী ও আশতুরা বেগমের পুত্র ময়না মিয়া (৪০) এবং ছয়ফুর রহমান ও আমিনা বেগমের পুত্র নাছির উদ্দিন (৪০)। এসময় সবুজ রংয়ের রেজিস্ট্রেশনবিহীন সিএনজি অটোরিকশা (ইঞ্জিন নং- অততডঐঐ৮৮৭৮৩, চেসিস নং অস্পষ্ট) ও অপর সিএনজি অটোরিকশা (ইঞ্জিন নং- অঅগ৫-জঅ০৯৩৩০, চেসিস নং- গউ২অঅঅঋততজডঅ০৩১৫৫) জব্দ করা হয়। জব্দকৃত সিএনজি অটোরিকশার আনুমানিক মূল্য ৬ লাখ টাকা এবং পেয়াজের আনুমানিক মূল্য ৮১ হাজার টাকা। এই ঘটনায় জালালাবাদ থানায় ১৯৭৪ সনের বিশেষ ক্ষমতা আইন এর ২৫ ই(১)(ন)/২৫উ মোতাবেক মামলা দায়ের করা হয়েছে। মামলা নং ০৯ (১১/১১/২০২৫)। আসামীদেরকে গতকাল বুধবার আদালতে সোর্পদ করা হলে বিচারক জামিন নামঞ্জুর করে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন। পরে তাদেরকে সিলেট কেন্দ্রীয় কারাগারে প্রেরণ করা হয়।





