দক্ষিণ সুরমায় আটক আ’লীগ কর্মীদের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে মামলা
প্রকাশিত হয়েছে : ১২ নভেম্বর ২০২৫, ৯:০৭:৪৫ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : দক্ষিণ সুরমার পারাইরচক এলাকায় নাশকতার চেষ্টাকালে আটক নিষিদ্ধ আওয়ামীলীগের ৪জন নেতাকর্মীর বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে মামলা দায়ের করা হয়েছে। গতকাল বুধবার সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) মোগলাবাজার থানায় এই মামলা দায়ের করা হয়।
এসএমপির বিজ্ঞপ্তিতে বলা হয়, দক্ষিণ সুরমা উপজেলার পারাইরচক এলাকায় সড়কে নাশকতার চেষ্টাকালে মঙ্গলবার রাত ৯টার দিকে শ্রীরামপুর পয়েন্টগামী মার্ক সিসি ব্লক ফ্যাক্টরির সামনে থেকে নিষিদ্ধ আওয়ামীলীগের ৪জন নেতাকর্মীকে গ্রেফতার করে মোগলাবাজার থানা পুলিশ। এসআই মো: মিজানুর রহমানের নেতৃত্বে অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে ১০টি বাঁশের লাঠি ও বিভিন্ন ধরণের টিনের কৌটা দ্বারা তৈরি মশাল ও ৯টি বাঁশের লাঠি উদ্ধার করা হয়।
আটককৃতরা হলেন সিলেট জেলার কোম্পানীগঞ্জ উপজেলার নিজ গাঁও (পশ্চিম) গ্রামের সামছুল ইসলামের পুত্র মো: মাহফুজ আহমদ (২০), জকিগঞ্জ উপজেলার উত্তরকুল (বারোটাকরি) গ্রামের আব্দুল মজিদ ও জাহানারা বেগমের পুত্র আলী আহমদ (৩৮), দক্ষিণ সুরমা উপজেলার খাজাখালু গ্রামের শাহাবুদ্দিন ও নাদিরা বেগমের পুত্র রিমন ইসলাম (২০) এবং সুনামগঞ্জ জেলার সদর উপজেলার জলিলপুর গ্রামের হাজী আব্দুল মতিন তালুকদার ও সুলতানা আক্তারের পুত্র মো: আবুল হাসনাত রাফি (১৮)। আটককৃতদের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনের ২০০৯ (সংশোধন-২০২৫) ৮/৯/১২ ধারা মোতাবেক মামলা দায়ের করা হয়েছে। মোগলাবাজার থানার মামলা নং-৮ (১২/১১/২০২৫)। গতকাল বুধবার আসামীদেরকে মহানগর আদালতে তোলা হলে বিজ্ঞ বিচারক তাদেরকে জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণের নির্দেশ দেন। পরে তাদেরকে সিলেট মেট্রোপলিটন কারাগারে প্রেরণ করা হয়।





