বটেশ্বরে ভারতীয় চোরাই পেঁয়াজ জব্দ, আটক ৬
প্রকাশিত হয়েছে : ১২ নভেম্বর ২০২৫, ৯:০৯:৪৩ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : সিলেট-তামাবিল মহাসড়কের সদর উপজেলার বটেশ্বর থেকে ১০ লাখ টাকারও বেশি মূল্যের ভারতীয় চোরাই পেঁয়াজ জব্দ করেছে পুলিশ। এসময় পিকআপসহ ৬জনকে আটক করা হয়। গতকাল বুধবার সকাল সাড়ে ৭টার দিকে সিলেট-তামাবিল সড়কের ক্যান্টনমেন্ট বোর্ড স্কুলের সামনে থেকে তাদেরকে আটক করা হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে গতকাল বুধবার সকাল সাড়ে ৭টার দিকে সিলেট-তামাবিল মহাসড়কের বটেশ্বরস্থ ক্যান্টনমেন্ট বোর্ড স্কুলের সামনে মহাসড়কে চেকপোস্ট বসায় শাহপরান থানা পুলিশ। চেকপোস্ট বসিয়ে মহাসড়কে যানবাহনে তল্লাশি চালিয়ে অবৈধভাবে আমদানি করা ভারতীয় পণ্য বোঝাই ৬টি ডিআই পিকআপসহ ৬ জনকে আটক করা হয়। আটককৃতরা হলেন, জৈন্তাপুরের সারিঘাট এলাকার মৃত কুতুব আলীর ছেলে মামুনুর রশিদ (৩০), বিরাইমারার সিদ্দিকুর রহমানের ছেলে মো. আজাদ আহমদ তাজ (২৭), হাজিরাইয়ের মৃত ফয়জুল হকের ছেলে সিরাজুল ইসলাম (২২), আলীরগাঁওয়ের নিজাম উদ্দিনের ছেলে বাহার আহমেদ (২৮), শামসুল ইসলামের ছেলে রুবেল আহমদ (২৪), মৃত মোবারক আলীর ছেলে হোসেন আহমদ (৪৭)। জব্দকৃত পিকআপগুলোতে ২৭০ বস্তায় ১২ হাজার ৯৬০ কেজি ভারতীয় পেঁয়াজ উদ্ধার করা হয়। যার বাজার মূল্য ১০ লাখ ৩৬ হাজার ৮০০ টাকা।
সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (গণমাধ্যম) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, আটকৃতদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।





