অফশোর ব্যাংকিংয়ের পরিসর বাড়ল
প্রকাশিত হয়েছে : ১২ নভেম্বর ২০২৫, ৯:১৪:২৪ অপরাহ্ন
জালালাবাদ ডেস্ক : ট্রেড ফাইন্যান্স কার্যক্রম আরও সম্প্রসারণের লক্ষ্যে বাংলাদেশ ব্যাংক অফশোর ব্যাংকিং ইউনিট (ওবিইউ) পরিচালনা সংক্রান্ত নির্দেশনায় গুরুত্বপূর্ণ সংশোধন এনেছে। এর ফলে এখন থেকে এক ব্যাংকের অফশোর ইউনিট অন্য ব্যাংকের গ্রাহককেও ঋণ দিতে পারবে। যেখানে এতদিন অফশোর ইউনিটগুলো থেকে শুধু নিজ ব্যাংকের গ্রাহকদের ঋণ বা সেবা দেওয়ার সুযোগ ছিল।
কেন্দ্রীয় ব্যাংকের সার্কুলারে বলা হয়েছে, এতে অনুমোদিত ডিলার (এডি) ব্যাংকের মাধ্যমে ট্রেড ফাইন্যান্স অর্থায়নে আরও বেশি নমনীয়তা আনা হয়েছে। এতদিন ওবিইউগুলো শুধু তাদের নিজস্ব ব্যাংকের এডি শাখার মাধ্যমে বিশেষায়িত ও অ-বিশেষায়িত অঞ্চলে অবস্থিত প্রতিষ্ঠানগুলোকে ট্রেড ফাইন্যান্স দিতে পারতো। যার মধ্যে রয়েছে বাইয়ার্স ক্রেডিট, অ্যাকসেপ্টেড বিল ফাইন্যান্সিং ইত্যাদি। নতুন সংশোধনের মাধ্যমে সেই সীমাবদ্ধতা তুলে দিয়ে সুযোগের পরিধি উল্লেখযোগ্যভাবে বাড়ানো হয়েছে।
সংশোধিত বিধান অনুসারে, এখন থেকে ওবিইউগুলো নিজেদের ব্যাংকের এডি ছাড়াও অন্যান্য ব্যাংকের এডি শাখার মাধ্যমেও ট্রেড লোন দিতে পারবে। তবে এক্ষেত্রে ঝুঁকি মূল্যায়ন, কাউন্টারপার্টি এক্সপোজার এবং লিমিট নির্ধারণ যথাযথভাবে সম্পন্ন করতে হবে। এটি অফশোর ফাইন্যান্সিং খাতে আন্তঃব্যাংক সহযোগিতা বাড়ানোর একটি বড় পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।
বাংলাদেশ ব্যাংকের এ উদ্যোগকে দেশের ট্রেড ফাইন্যান্স ইকোসিস্টেমকে আরও শক্তিশালী ও বৈচিত্রময় করার অংশ হিসেবে দেখা হচ্ছে। বিভিন্ন ব্যাংকের এডিগুলোর সঙ্গে ওবিইউগুলোর কার্যক্রমের পরিসর বাড়ানোর ফলে অফশোর তারল্য আরও দক্ষভাবে ব্যবহারের সুযোগ তৈরি হবে, লেনদেনের জটিলতা কমবে এবং আর্থিক খাতে প্রতিযোগিতামূলক পরিবেশ আরও উজ্জীবিত হবে।





