সিলেটে বিটিসিএলের গুদামঘরে অগ্নিকাণ্ড
প্রকাশিত হয়েছে : ১২ নভেম্বর ২০২৫, ১১:৩৩:৩৮ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : সিলেটে বাংলাদেশ টেলিকমিউনিকেশনস কোম্পানি লিমিটেডের (বিটিসিএল) একটি গুদামঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গুদামটিতে পরিত্যক্ত মালামাল ছিল বলে জানিয়েছে বিটিসিএল কর্তৃপক্ষ। বুধবার সন্ধ্যা ৬টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
খবর পেয়ে সিলেটের তালতলা ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মাত্র ৩৫ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনে।
বিটিসিএল’র উপ-মহা-ব্যবস্থাপক মিহির রায় জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। এ ঘটনায় আনুমানিক দুই লাখ টাকার ক্ষতি হয়েছে।
তালতলা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার কুতুব উদ্দিন বলেন, এটি নিছক একটি দুর্ঘটনা, এবং প্রাথমিক তদন্তে নাশকতার কোনো আলামত পাওয়া যায়নি। তবে বিস্তারিত তদন্ত করা হবে।

ওদিকে, সামাজিক যোগাযোগমাধ্যমে কেউ কেউ বাংলাদেশ ব্যাংকে আগুন লেগেছে বলে গুজব ছড়ান। যদিও এর কোন সত্যতা নেই।





