মৌলভীবাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জরিমানা
প্রকাশিত হয়েছে : ১৩ নভেম্বর ২০২৫, ৬:৩০:৫৪ অপরাহ্ন
মৌলভীবাজার প্রতিনিধি: অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য তৈরি ও সংরক্ষণ করা, খাদ্যপণ্যের সাথে রং মিশ্রণ করা, যথাযথ কর্তৃপক্ষের কাছ থেকে লাইসেন্স না নেওয়া, প্যাকেটজাত পণ্যের গায়ে মেয়াদ ও উৎপাদন তারিখ না থাকাসহ বিভিন্ন কারণে মৌলভীবাজার জেলা প্রশাসনের উদ্যোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইফ্রাহিম ইকবাল চৌধুরী এর নেতৃত্বে বুধবার বিকেলে জেলার রাজনগর উপজেলার খেয়াঘাট ও সদর উপজেলার শ্রীমঙ্গল সড়কসহ বিভিন্ন জায়গায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৩ লাখ টাকা জরিমানা করা হয়।
অভিযানে রাজনগর উপজেলার খেয়াঘাট বাজারে অবস্থিত স্বাগত মিষ্টিঘরকে নিরাপদ খাদ্য আইনে দেড় লাখ টাকা জরিমানা করা হয়। এছাড়াও সদর উপজেলার শ্রীমঙ্গল রোডে অবস্থিত আইসক্রিমের সাথে নিষিদ্ধ দ্রব্য মিশ্রণ এবং অস্বাস্থ্যকর পরিবেশের কারণে কেয়া আইসক্রিম ফ্যাক্টরীকে দেড় লাখ টাকাসহ মোট তিন লাখ টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।





