ই-টিকিটের যুগে বিআরটিসি
প্রকাশিত হয়েছে : ১৩ নভেম্বর ২০২৫, ৮:৫৫:২৩ অপরাহ্ন

জালালাবাদ ডেস্ক : যাত্রী পরিবহন সেবাকে প্রযুক্তিনির্ভর, আরও সহজতর ও জনবান্ধব করতে রাষ্ট্রীয় পরিবহন সংস্থা বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন (বিআরটিসি) ই-টিকিটের যুগে প্রবেশ করেছে। পাইলট প্রকল্পের আওতায় তিনটি রুটে প্রাথমিকভাবে ই-টিকেট সেবা চালু করতে যাচ্ছে। ই-টিকিট সেবা প্রদান করবে ‘সহজ ডটকম’। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় রাজধানীর মতিঝিলে বিআরটিসির প্রধান কার্যালয়ের সভাকক্ষে এক অনুষ্ঠানে বিআরটিসি ও সহজ ডটকমের মধ্যে এ সেবা প্রদানের বিষয়ে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়।
চুক্তি অনুযায়ী, ঢাকা-বরিশাল-ঢাকা, ঢাকা-দাউদকান্দি-ঢাকা এবং ঢাকা-আড়াইহাজার-ঢাকা রুটে চলাচলকারী বিআরটিসি বাসে পাইলট প্রকল্প হিসেবে এ সেবা প্রদান করা হবে। যাত্রীরা ওয়েব পোর্টাল, মোবাইল অ্যাপস, কল সেন্টার ও অন্যান্য অনলাইন মাধ্যম ব্যবহার করে টিকেট ক্রয় করতে পারবেন। অনলাইন টিকিটিংয়ের ক্ষেত্রে গ্রাহকদের কাছ থেকে টিকিট প্রতি ২০ টাকা অনলাইন চার্জ হিসেবে গ্রহণ করবে সহজ ডটকম। পাশাপাশি প্রচলিত নিয়ম অনুযায়ী পেমেন্ট গেটওয়ের সার্ভিস চার্জও গ্রাহক প্রদান করবেন।





