‘লকডাউনের’ প্রভাব নেই সিলেটে
প্রকাশিত হয়েছে : ১৩ নভেম্বর ২০২৫, ৯:০২:১০ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বৃহস্পতিবার (১৩ নভেম্বর) ‘ঢাকা লকডাউন’ কর্মসূচিকে কেন্দ্র করে স্বাভাবিক ছিলো সিলেট। সকাল থেকে বিএনপি, জামায়াত, ছাত্রশিবির ও ছাত্রদলসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদের পাশাপাশি সর্বোচ্চ সতর্ক অবস্থানে ছিল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।দুয়েকদিন নিষিদ্ধ ছাত্রলীগ কর্তৃক নগর ও দক্ষিণ সুরমায় ঝটিকা কিংবা মশাল মিছিল করলেও বৃহস্পতিবার সিলেট নগরী কিংবা জেলার কোথাও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীদের মিছিলের খবর পাওয়া যায়নি।
গত কয়েকদিন ধরে ‘ঢাকা লকডাউন’ কর্মসূচিকে ঘিরে সিলেটের বিভিন্ন স্থানে নাশকতার চেষ্টা ও বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে নিষিদ্ধ আওয়ামী লীগ, ছাত্রলীগসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের অর্ধশতাধিক নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।
তবে বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকাল থেকে সিলেটের কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। শহরের সার্বিক পরিবেশ শান্ত ছিল। যান চলাচল ছিল স্বাভাবিক। দূরপাল্লার বাস ও ট্রেন যথাসময়ে ছেড়ে গেছে, ফিরেও এসেছে।
এদিকে, যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে পুলিশকে সর্বোচ্চ সতর্ক অবস্থানে ছিল আইনশৃঙ্খলা রক্ষাকারি বাহিনী।এ ব্যাপারে সিলেট মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অফিসার ও অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, কথিত লকডাউনের কোন প্রভাব সিলেটে পড়েনি। সিলেটের কোথাও কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেনি। পুলিশ সতর্ক অবস্থানে ছিল। নগরীর ১৫টি গুরুত্বপূর্ণ পয়েন্টে চেকপোস্ট বসানো হয়। নিয়মিত টহলের পাশাপাশি মাঠে ছিল স্পেশাল মোবাইল টিম ও সাদা পোশাকে গোয়েন্দা সদস্যরা। ড্রোনের মাধ্যমে গুরুত্বপূর্ণ স্থানগুলোতে চলে নজরদারি। পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। কেউ বিশৃঙ্খলার চেষ্টা করলে কঠোরভাবে দমন এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।





