সিলেট সীমান্তে ১ কোটি ৩২ লাখ টাকার চোরাইপণ্য জব্দ
প্রকাশিত হয়েছে : ১৩ নভেম্বর ২০২৫, ৯:০৩:১৯ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : সিলেট সীমান্ত থেকে বিপুল পরিমাণ ভারতীয় চোরাইপণ্য জব্দ করেছে বিজিবি। গত দুই দিনে বুধ ও বৃহস্পতিবার সিলেটের বিভিন্ন সীমান্তে পৃথক অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করা হয়।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) এক প্রেসব্রিফিংয়ের মাধ্যমে এই তথ্য জানিয়েছেন সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল মোঃ নাজমুল হক।বিজিবি সূত্রে জানা যায়, সিলেট ব্যাটালিয়নের অধীনস্থ কালাইরাগ, দমদমিয়া, সোনালীচেলা, বাংলাবাজার ও তামাবিল বিওপি-এর পৃথক অভিযানে ভারতীয় জিরা, মাইফেয়ার ক্রিম, পন্ডস ও হোয়াইটটোন ফেসওয়াস, কাবেরী মেহেদী, কিটক্যাট চকলেট, চিনি, গরু, সুপারি, কম্বল, এবং বাংলাদেশ থেকে পাচারের সময় শিং মাছসহ অবৈধভাবে বালু উত্তোলনকারী একটি নৌকা জব্দ করা হয়।
এছাড়া ব্যাটালিয়ন সদরের একটি বিশেষ টহলদল সেনাবাহিনীর সহযোগিতায় সিলেটের জৈন্তাপুর উপজেলার চিকনাগুল এলাকায় যৌথ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় পিয়াজসহ ৩ টি গাড়ি আটক করে। সব মিলিয়ে জব্দকৃত পণ্যের আনুমানিক সিজার মূল্য ১ কোটি ৩১ লাখ ৭৩ হাজার ৩৬৫ টাকা।
এ ব্যাপারে সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল মোঃ নাজমুল হক বলেন, সীমান্ত সুরক্ষার পাশাপাশি মাদক, অস্ত্র ও চোরাচালান প্রতিরোধে বিজিবি সবসময় সতর্ক অবস্থানে রয়েছে। জব্দকৃত মালামাল ও যানবাহন আইনি প্রক্রিয়া শেষে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের বিষয়টি প্রক্রিয়াধিন। সীমান্ত সুরক্ষার পাশাপাশি মাদক পাচার ও অবৈধ বাণিজ্য রোধে বিজিবি দৃঢ়প্রতিজ্ঞ। জাল টাকা ও অস্ত্র সীমান্ত অতিক্রম করতে না পারে তা নিশ্চিত করতে গোয়েন্দা তৎপরতা ও নজরদারি আরও জোরদার করা হয়েছে। সীমান্ত এলাকায় স্থিতিশীল পরিস্থিতি বজায় রাখতে বিজিবি সর্বদা কার্যকর ভূমিকা পালন করছে।





