ফেঞ্চুগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় ওষুধ কোম্পানীর কর্মচারী নিহত
প্রকাশিত হয়েছে : ১৩ নভেম্বর ২০২৫, ৯:০৫:১৪ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : সিলেটের ফেঞ্চুগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় ওষুধ কোম্পানীর এক কর্মচারীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দুপুরে সিলেট-মৌলভীবাজার সড়কে উপজেলার কর্মধা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতের নাম পল্লব রায় (৪৫)। তিনি সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার গলহা গ্রামের মৃত অবনী রায়ের ছেলে। তিনি সিলেট নগরীর কালিবাড়ি হাওলাদারপাড়ার বাসিন্দা ও এরিস্টোফার্মা কোম্পানির বিক্রয়কর্মী ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, বেপোরোয়া গতির একটি মোটরসাইকেল পালবাড়ি থেকে উপজেলা সদরের দিকে যাওয়ার পথে কর্মধা এলাকায় পেশাগত দায়িত্ব পালনে রাস্তা পারাপারকালে চাপা দেয়। এতে তিনি আহত হন। গুরুতর অবস্থায় স্থানীয়রা তাকে ফেঞ্চুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী রাফি ও মোহন নামে দুইজন আহত হন। তাদেরকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
এর সত্যতা নিশ্চিত করে ফেঞ্চুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান খান বলেন, বেপরোয়া গতির মোটরসাইকেলের ধাক্কায় ওষুধ কোম্পানীর বিক্রয়কর্মী নিহত হয়েছেন। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আহতরাও ওই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। দুর্ঘটনা কবলিত মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ দেওয়া হলে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।





